Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারী বৃষ্টিতে পুনেতে ধসে পড়ল আবর্জনার পাহাড়! হুড়মুড়িয়ে ভাঙল বহুতল, একাধিকের মৃত্যুর আশঙ্কা

ভারী বৃষ্টিতে পুনেতে ধসে পড়ল আবর্জনার পাহাড়! হুড়মুড়িয়ে ভাঙল বহুতল, একাধিকের মৃত্যুর আশঙ্কা

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: মাথার উপর পাহাড়প্রমাণ আবর্জনার স্তূপ, আর প্রবল বৃষ্টিতে সেই নোংরা-বর্জ্যের পাহাড়ই ধস নেমে হুড়মুড়িয়ে আছড়ে পড়ল একটা আস্ত তিনতলা বাড়ির উপর (Pune Building Collapse)! শুনতে সিনেমার মতো লাগলেও, ঠিক এই ভয়ংকর কাণ্ডটিই ঘটেছে মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড়ে।

আবর্জনার পাহাড়ের (Garbage Dump Collapse) ধাক্কায় একটি আস্ত বহুতল ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অন্তত ১৫ জন (Multi-Storey Building Collapse)। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে এখন চলছে উদ্ধারকাজ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে পিম্পরি চিঞ্চওয়াড়ের মোশি এলাকায়। ভেঙে পড়া তিনতলা ভবনটি মূলত একটি বেসরকারি সংস্থার প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হত। ওই সংস্থাটি স্থানীয় পুরসভার হয়ে শহরের বর্জ্য প্রক্রিয়াকরণের (Waste Processing) কাজ করত। ঠিক এই অফিসের পাশেই ছিল বছরের পর বছর ধরে জমে থাকা আবর্জনার এক বিশাল 'লেগাসি ওয়েস্ট' বা বর্জ্যের পাহাড়।

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে সেই আবর্জনার পাহাড় আলগা হয়ে পড়েছিল। আচমকাই সেই নোংরা আবর্জনার স্তূপ বিশাল ধসের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঠিক পাশের প্রশাসনিক ভবনটির উপর। ময়লার পাহাড়ের বিপুল ওজনে সামলাতে না পেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তিনতলা বাড়িটি। পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভার কমিশনার বিজয় সূর্যবংশী সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণেই বর্জ্যের স্তূপটি ধসে ভবনের উপর আছড়ে পড়েছে।

দুর্ঘটনার সময় ওই বেসরকারি সংস্থার বহু কর্মী অফিসের ভিতরে কাজ করছিলেন। ফলে ধ্বংসস্তূপের নীচে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বেশিরভাগই ওই অফিসেরই কর্মচারী বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ (NDRF)-এর টিমকে। আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করা না গেলে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

চারিদিকে দুর্গন্ধ এবং আবর্জনার স্তূপের মধ্যেই আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে একটানা বৃষ্টি এবং বর্জ্যের বিশাল স্তূপ সরিয়ে কাজ করাটা উদ্ধারকারী দলগুলির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা কর্মীদের পরিবারগুলি এখন চরম উৎকণ্ঠার মধ্যে প্রহর গুনছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall