Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বিশৃঙ্খলা ঘটবে ধরে নেওয়ার কারণ নেই', CJP-র ৫ সেপ্টেম্বরের মিছিলে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

'বিশৃঙ্খলা ঘটবে ধরে নেওয়ার কারণ নেই', CJP-র ৫ সেপ্টেম্বরের মিছিলে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

THE WALL 1 month ago

দ্য ওয়াল ব্যুরো: ককরোচ জনতা পার্টি বা সিজেপি (CJP)-র ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল (CJP protest September 5) আটকানোর কোনও কারণ দেখছে না সুপ্রিম কোর্ট (Supreme Court), ফলে মিছিলের উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত। ইন্ডিয়া গেট থেকে নয়া দিল্লি পুলিশ হেডকোয়াটার্সের দিকে ককরোচ জনতা পার্টির এই প্রতিবাদ মিছিল (India Gate to Delhi Police Headquarters) হওয়ার কথা রয়েছে।

সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে - এমনটা আগাম ধরে নেওয়ার এই মুহূর্তে কোনও যৌক্তিক কারণ নেই।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করার বিষয়টি সম্পূর্ণভাবে সরকার ও পুলিশের এক্তিয়ারভুক্ত। আদালত মামলাকারীকে নির্দেশ দিয়েছে, এ বিষয়ে যেন তারা আগে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছেই দরবার করে।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, 'অন্তত এই মুহূর্তে আমরা ধরে নেব যে প্রত্যেকেই অত্যন্ত দায়িত্বশীল, শান্তিপূর্ণ এবং আইনসম্মত আচরণ করবেন।'

শীর্ষ আদালত এও উল্লেখ করে যে ,বিষয়টি দুটি প্রধান দিককে স্পর্শ করছে - এক, আইন ও শৃঙ্খলা রক্ষা এবং দুই, নীতিগত সিদ্ধান্ত। ফলে সমস্ত স্টেকহোল্ডারদের আগে সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত।

কেন্দ্র ও দিল্লি সরকারের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে বিচারপতি সূর্য কান্ত বলেন, 'আমরা বিশ্বাস করি যে প্রশাসন আইনের গণ্ডির মধ্যে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে।' আপাতত মিছিলের ওপর কোনও আগাম নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ চাপায়নি শীর্ষ আদালত। তবে পরিস্থিতির অবনতি ঘটলে বা কোনও অস্বাভাবিক ঘটনা ঘটলে মামলাকারীকে পুনরায় আদালতের দ্বারস্থ হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, গত ২৪ অগস্ট সিজেপি-র তরফে এই নতুন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। অভিযোগ তোলা হয়, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ২৫ জুলাই দেশজুড়ে যে সুবিশাল আন্দোলন স্থগিত করা হয়েছিল, তার বদলে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। বিশেষ করে লিখিত প্রতিশ্রুতি দেওয়া ও এফআইআর (FIR) সংক্রান্ত আশ্বাসের খেলাপ করা হয়েছে বলে সিজেপি দাবি করে।

প্রতিবাদ মিছিলের দিনক্ষণ ঘোষণার সময় সিজেপি মুখপাত্র সৌরভ দাস কেন্দ্রের বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতা'র গুরুতর অভিযোগ তোলেন। তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। ২৫ জুলাই দেশের যুবসমাজের কাছে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখবে কি না তা নিয়ে জাতীয় কার্যনির্বাহী কমিটির মনে গভীর সন্দেহ দেখা দিয়েছে।

এই মিছিলে নেতৃত্ব দেবেন নিট কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারবর্গ এবং গত ২০ জুলাই পুলিশের নির্মমতার শিকার হওয়া বিক্ষোভকারীরা।

ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে নতুন দিল্লি পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত যাবে এই মিছিল। তবে আদালতের সবুজ সংকেতের পর আগামী ৫ সেপ্টেম্বরের এই কর্মসূচি ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে পারদ আরও চড়ছে।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিন ধরে তীব্র ছাত্র আন্দোলনের পর গত ২৫ জুলাই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই সময় আন্দোলন তুলে নেওয়ার শর্ত হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে থাকা সমস্ত এফআইআর তুলে নেওয়ার এবং নিট প্রশ্নফাঁস কাণ্ডে মৃত শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall