Dailyhunt
চাণক্য তো দেখা গেল, তৃণমূলের নিজের সমীক্ষা কত বলছে! আব কি বার কত পার?

চাণক্য তো দেখা গেল, তৃণমূলের নিজের সমীক্ষা কত বলছে! আব কি বার কত পার?

THE WALL 2 weeks ago

বাংলায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই হুড়মুড়িয়ে সব বুথ ফেরত সমীক্ষা (West Bengal Exit Poll 2026) প্রকাশ হতে শুরু করে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়, এক টানা পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের পর বাংলায় এবার পালাবদল ঘটে যেতে পারে। এরই মধ্যে আবার চরম এক পূর্বানুমান করেছে টুডেজ চাণক্য।

এ সব তো হল, এখন কৌতূহলের বিষয় হল, তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা কী বলছে? আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার জানিয়েছেন, বুথ ফেরত সমীক্ষা তিনি বিশ্বাস করেন না। তাঁর হিসাবে তৃণমূল এবারও দু'শ পার করবে। এবং দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে বাংলায় সরকার গড়বে। তা শুনে আবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, 'এ সব বলার জন্য বলা। যাতে তৃণমূলের কর্মীরা ফল প্রকাশের দিন গণনা কেন্দ্র ছেড়ে না যায়। উনিও জানেন তৃণমূল হেরে গেছে'।

তবে এ সব চাপানউতোরের পরেও তৃণমূলের ভিতরে একটা সমীক্ষা রয়েছে বলেই কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি। ওই সূত্রের খবর, কালীঘাট মনে করছে, ৪৩ টি এমন আসন রয়েছে যেখানে কে জিতবে কে হারবে ধরা যাচ্ছে না। এগুলিকে ৫০:৫০ ধরে রাখা হয়েছে। অর্থাৎ হার জিতের ফারাক সেখানে এতটাই কম হতে পারে তা আন্দাজ করা মুশকিল হচ্ছে। এই ৪৩টি আসনের মধ্যে ভবানীপুর আসনটি রয়েছে কিনা তা অবশ্য ওই সূত্র স্পষ্ট করেনি।

এর বাইরে তৃণমূলের আশা খুব খারাপ হলেও ১৭৪টি আসন তারা জিতবেই জিতবে। বিজেপি-র খুব খারাপ হলেও ৭১টি আসন জিতবেই জিতবে। ৬টি আসনে জিতবে অন্যান্যরা। এই ৬টি অন্যান্যদের মধ্যে ২টি আসন ধরে রাখা হয়েছে নওসাদ সিদ্দিকির আইএসএফের জন্য। তাঁদের অনুমান নওসাদ সিদ্দিকি ভাঙড় ছাড়াও উত্তর ২৪ পরগনার দেগঙ্গা আসনে জিতে যাবে। শুধু দেগঙ্গা নয়, এই ভোটে তৃণমূলের সবচেয়ে বেশি আসন কমতে পারে উত্তর ২৪ পরগনায়। অর্থাৎ কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি, চুম্বকে তাঁদের হিসাব হল - ১৭৪ + ৭১ + ৪৩ + ৬ = ২৯৪

ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠদের আবার আর একটি হিসাব রয়েছে। তাঁদের দাবি, তৃণমূল ২০৯ থেকে ২২৯টি আসনে জিততে পারে। তাঁরা এখনও আশা করছেন, যাই ঘটে যাক মুর্শিদাবাদে তৃণমূল ১৭টি আসনে জিততে পারে। বীরভূমে ১টির বেশি আসনে জিতবে না বিজেপি। পূর্ব মেদিনীপুরে যতই শুভেন্দু অধিকারীর দাপট থাকুক এর পরেও ৬টি আসনে জিতবে তৃণমূল।
ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠদের আরও রোমহর্ষক দাবি হল, হুগলিতে ১৮টি আসনের মধ্যে ১৫টিতেই জিতবে তৃণমূল। এই জেলা এবার তৃণমূলের জন্য বিপজ্জনক ছিল। ১০টি আসনে তাঁরা প্রার্থী বদল করেছেন এই ভোটে। তার পর নাকি খেলা ঘুরেছে বলে তাঁদের দাবি। এত কিছুর পরেও হাওড়া ১৬-০ হবে, কলকাতায় হবে ১০-১, দক্ষিণ ২৪ পরগনায় ৩০-১।

মনে রাখতে হবে, এই হিসাবগুলি তৃণমূল মোটেই দলীয় তরফে জানায়নি। এগুলোকে অফিসিয়াল ফিগার বলা যাবে না। তবে তৃণমূলের ভিতরের খবর দ্য ওয়াল এর আগেও সঠিক ভাবে জানিয়েছে। এবারও সেটাই লেখা হল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall