দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে (Madhyamgram shootout) প্রকাশ্য রাস্তায় একের পর এক গুলি করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট) চন্দ্রনাথ রথকে (Suvendu Adhikari assistant)। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনও আকস্মিক হামলা নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত।
জনবহুল এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি চালানো হয়েছে। খুনিরা চন্দ্রনাথের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত ঘটনাস্থলে অপেক্ষা করছিল। অবশেষে যখন চন্দ্রনাথ একেবারে অচেতন হয়ে যায়, দুষ্কৃতীরা সেখান থেকে পালায়।
জানা যাচ্ছে, রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ মধ্যমগ্রামের দোহারিয়া দিক থেকে ফেরার সময় তাঁর গাড়ির ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। বাইকে এসে তারা গাড়ি থামিয়ে পরপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দিব্যেন্দু অধিকারী জানান, 'ভবানীপুরে দাদার প্রচারে সামিল ছিলেন চন্দ্রনাথ। আজ যখন বাড়ি ফিরছিলেন তিনি, তখনই অত্যন্ত কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ) গুলি চালায় দুষ্কৃতীরা।'
পেশাগত জীবনে চন্দ্রনাথবাবু আগে ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি।

