Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চেন্নাইয়ের দুরন্ত এক্সপ্রেস, পাঁচ গোলে লন্ডভন্ড 'ক্লান্ত' লাল-হলুদ

চেন্নাইয়ের দুরন্ত এক্সপ্রেস, পাঁচ গোলে লন্ডভন্ড 'ক্লান্ত' লাল-হলুদ

THE WALL 3 days ago

দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ক্লান্তি কাটিয়ে আইএসএল-এ নিজেদের আধিপত্য বজায় রাখতে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেমেছিল ইস্টবেঙ্গল। খাতায়-কলমে হাবাসের লাল-হলুদ ব্রিগেডই যে ফেভারিট ছিল, তা নিয়ে কোনও দ্বিমত ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখা গেল না।

আনোয়ার আলিকে ছাড়াই ডিফেন্স সাজাতে বাধ্য হওয়ার খেসারত দিতে হল হাতেনাতে। রক্ষণভাগের ভুল এবং খেলোয়াড়দের চরম ক্লান্তি ও সমন্বয়হীন মাঝমাঠের সুযোগ নিয়ে আইএসএল-এ জয় তুলে নিল চেন্নাইয়িন এফসি।

শুরুতেই জোড়া ধাক্কা

ম্যাচ শুরু হতে না হতেই লাল-হলুদ রক্ষণের বেহাল দশা স্পষ্ট হয়ে যায়। ম্যাচের মাত্র চার মিনিটের মাথায় ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইনকে প্রথম গোলের মুখ দেখান ব্রাইসন ফার্নান্ডেজ। দলের হতশ্রী ডিফেন্সের সুযোগ নিয়ে প্রথম পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। এরপর ১২ মিনিটে বক্সের বাইরে থেকে রশিদের বাড়ানো বলে বিষ্ণু পুথিয়ার নেওয়া বাঁ পায়ের শট গোলপোস্টের মাঝ বরাবর আটকে দেন চেন্নাইন এফসির গোলরক্ষক মহম্মদ নওয়াজ।।

১৮ মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে চুংনুঙ্গাকে চমৎকার ডজে কাটিয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন সেই ব্রাইসনই। রক্ষণে আনোয়ারের অভাব ঢাকতে সন্দীপ মান্ডির ওপর ভরসা রেখেছিলেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ। কিন্তু সন্দীপের হতাশাজনক পারফরম্যান্স এবং মাঝমাঠে লাগাতার মিস পাসে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায় মশাল বাহিনী।

লোবা ও রামিরেজের লড়াইয়ে ফেরার চেষ্টা

যদিও চেন্নাইয়ের দ্বিতীয় গোল খাওয়ার ১০ মিনিটের মধ্যে খেলায় ফেরার চেষ্টা করে বাংলার দল। ২৮ মিনিটে চেন্নাইয়ের দুই গোলের প্রথম জবাব দেয় ইস্টবেঙ্গল। রামিরেজের বাড়িয়ে দেওয়া বল ধরে পেনাল্টি বক্সের ভেতর থেকে জোড়ালো শটে জাল কাঁপান আকে লোবা। এএফসি প্রতিযোগিতায় ব্রাত্য থাকলেও এই ম্যাচে দলের হয়ে দারুণ গোল করে ব্যবধান কমান তিনি।

প্রথমার্ধের শেষলগ্নে আরও বিপদে পড়ে ইস্টবেঙ্গল। ৪০ মিনিটে বক্সের মধ্যে চেন্নাইয়ের ব্রাইসনকে ফাউল করেন জিকসন। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে চেন্নাইনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন র‍্যামন তানকে।

দ্বিতীয়ার্ধের লড়াই ও রক্ষণ ভাঙার গল্প

বিরতিতে বিষ্ণু ও বিপিনের জায়গায় যথাক্রমে এডমুন্ড ও রোহিতকে নামান হাবাস। সেই সিদ্ধান্ত দ্রুত ফলও দেয়। ৪৬ মিনিটে পেনাল্টি বক্সের ভেতর হ্যান্ডবল করেন চেন্নাইয়ের মহম্মদ সাহিফ। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন দানি রামিরেজ।

কিন্তু গোলের ব্যবধান কমলেও ইস্টবেঙ্গলের রক্ষণের জমাট ভাব ফেরেনি। লাগাতার অ্যাওয়ে ম্যাচ ও মহাদেশীয় প্রতিযোগিতার ধকল স্পষ্ট হয়ে ওঠে লাল-হলুদ ফুটবলারদের পায়ে। দ্বিতীয়ার্ধে ব্রাইসনকে তুলে নিলেও তার অভাব বুঝতে দেননি র‍্যামন এবং ইরফান। ৫৮ মিনিটে ডিফেন্সের চরম ভুলে বক্সের মধ্যে বল পেয়ে ব্যবধান ৪-২ করেন ইরফান। এখানেই শেষ নয়, ৭৩ মিনিটে ফের র‍্যামনের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সেই ইরফানই। ম্যাচের অন্তিম মুহূর্তে রামন আরও একটি জোরালো শট নেন। গিল সেই শট না আটকালে হাফ ডজন গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত হাবাসকে।

খেলার শেষ লগ্নে একবার জ্বলে ওঠে ইস্টবেঙ্গল। সংযুক্ত সময়ের শুরুতেই নিজেদের অর্ধ থেকে লম্বা বল বাড়ান হার্দিক, সেই বল ধরে একক দক্ষতায় চেন্নাইনের বক্সে ঢুকে পড়েন ডেভিড। বার বার গোল মিস করার ক্ষতে প্রলেপ দিয়ে জড়ালো নিচু শটে ব্যবধান কমান তিনি।

৯০ মিনিটের লড়াই শেষে স্কোরবোর্ডে চেন্নাইয়ের জয় এবং ইস্টবেঙ্গলের অসহায় আত্মসমর্পণই বড় হয়ে ওঠে। জেতার খিদে, দারুণ ট্যাকটিক্স এবং সুশৃঙ্খল প্রতিআক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গতবারের চ্যাম্পিয়নদের ডিফেন্স। চেন্নাইন এএফসি-র বিরুদ্ধে এই হারের পর লাল-হলুদ শিবিরকে যে রক্ষণ ও কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে, তা বলাই বাহুল্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall