দ্য ওয়াল ব্যুরো: স্কোরলাইনটাই সব বলে দিচ্ছে। ৬-০, ৬-০। টেনিসের পরিভাষায় 'ডবল ব্যাগেল'। আজ এই অপমানজনক তকমা জুটল দানিল মেদভেদেভের (Daniil Medvedev) কপালে। মন্টে কার্লো মাস্টার্সে (Monte Carlo Masters) মাত্তেও বেরেত্তিনির (Matteo Berrettini) বিরুদ্ধে নির্মম, একপেশে পরাজয়, যা তাঁর কেরিয়ারে প্রথম।
এমন লজ্জার হার আগে দেখেননি রুশ টেনিস তারকা।
এটিপি ট্যুরে (ATP Tour) এতদিন ধরে খেলছেন। কখনও ৬-০, ৬-০ স্কোরলাইনে পরাস্ত হননি মেদভেদেভ। এই প্রথম। আর সেটাও কিনা একতরফা ম্যাচে। পুরো খেলায় কার্যত দাঁড়াতেই পারলেন না। ২৩টি আনফোর্সড এরর। মাত্র ৩৬ শতাংশ ফার্স্ট সার্ভ ইন। সংখ্যাগুলোই ব্যর্থতার প্রমাণ।
এদিন শুরুতে দুটো ব্রেক পয়েন্ট পেয়েছিলেন মেদভেদেভ। কিন্তু কাজে লাগাতে পারেননি। সেখান থেকেই ম্যাচ হাতছাড়া হওয়া শুরু। তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ তুলে নেন বেরেত্তিনি। প্রথম সেট, তারপর দ্বিতীয়—একই ছবি। শেষ পর্যন্ত মাত্র ৪৯ মিনিটে খেল খতম!
দ্বিতীয় সেটের মাঝামাঝি মেদভেদেভের হতাশা ফেটে পড়ে। র্যাকেট আছাড় মারতে থাকেন। একবার নয়, গুণে গুণে সাতবার। তারপর সেই ভাঙা র্যাকেট ডাস্টবিনে ছুড়ে দেন। এই ছবিই বুঝিয়ে দিচ্ছিল—তিনি পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।
এই জয় শুধু বড় নয়, ঐতিহাসিকও বটে। এটিপি র্যাঙ্কিংয়ের (ATP Rankings) জমানায় (১৯৭৩ থেকে) টপ-১০ খেলোয়াড়কে ৬-০, ৬-০-তে হারানো হাতের মোয়া নয়। এই নিয়ে মাত্র পাঁচবার এমন ঘটনা ঘটল। বিরল তালিকায় ঢুকে গেলেন বেরেত্তিনিও। এর আগে এমন কীর্তি করেছেন ইভান লেন্ডল (Ivan Lendl), রজার ফেডেরারের (Roger Federer) মতো কিংবদন্তি।
পাশাপাশি মন্টে কার্লোতে টানা ১৭ গেম জিতলেন বেরেত্তিনি। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ রবার্তো বাউতিস্তা আগুত (Roberto Bautista Agut) চোটের কারণে ম্যাচ ছেড়ে দেন। আজ দ্বিতীয় রাউন্ডে একটা গেমও না হারিয়ে এগিয়ে গেলেন।
এই পরাজয়ের পরও মেদভেদেভ ক্রমতালিকায় টপ-১০ রয়ে যাচ্ছেন। মাত্র ৫০ পয়েন্ট হারিয়েছেন। তবে প্রশ্ন উঠছে ক্লে কোর্ট (clay court) পারফরম্যান্স নিয়ে। মাটির সারফেসে তাঁর অস্বস্তি নতুন নয়। তবু এর আগে রোম মাস্টার্স জিতেছেন। সেমিফাইনালেও উঠেছেন। তাই রুশ টেনিস খেলোয়াড়রা পুরোপুরি ব্যর্থ বলা যায় না। হয়তো আজ এমন একটা একটা দিন—যেখানে সব ক্যালকুলেশন ভুল হয়েছে। কিন্তু এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবেন দানিল মেদভেদেভ? নাকি ক্লে কোর্টের চেনা রোগ আবার ফিরে আসবে?

