দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ শুরু হতে আর হাতেগোনা ক'দিন বাকি। তার মধ্যেই আর্জেন্তিনা শিবিরে চিন্তার মেঘ। ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন আচমকাই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। বাঁ-পায়ের পিছনের অংশে হাত দিয়ে কোচকে বদলির ইঙ্গিত করেন আর্জেন্তিনীয় অধিনায়ক। তারপর সোজা টানেলে! আর এতেই শুরু জল্পনা।
(Lionel Messi)
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে মেজর লিগ সকারের ম্যাচে ঘটনাটি ঘটে। বৃষ্টিভেজা মাঠে খেলছিল ইন্টার মায়ামি (Inter Miami)। ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। দল শেষ পর্যন্ত ৬-৪ জেতে। যদিও ফলাফল নয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—বিশ্বকাপের আগে মেসির চোট কতটা গুরুতর?
হঠাৎ কী হল?
খেলা চলাকালীন বাঁ-পায়ের পিছনে অস্বস্তি অনুভব করেন মেসি। তারপর নিজেই বদলির ইঙ্গিত দেন। মাঠ ছাড়ার সময় তাঁকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়। কোনও খোঁড়ানোর ছবি সামনে আসেনি। যা ভয়াবহ চোট না থাকারই ইঙ্গিত। ম্যাচের পর ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস বলেন, 'এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি। খুব তাড়াতাড়ি সেটা পাওয়া যাবে!' যোগ করেন, 'মেসি ক্লান্ত ছিল। তার উপর বৃষ্টির ফলে মাঠও খুব ভারী। এই ধরনের পরিস্থিতিতে ঝুঁকি নেওয়ার প্রশ্নই ওঠে না।'কোচের দাবি, প্রাথমিক পর্যবেক্ষণে চোটের কারণ 'ফ্যাটিগ' বা ক্লান্তিজনিত বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। (Argentina Football Team)
পুরনো চোট দুর্ভাবনা বাড়াল?
গত কয়েক বছরে একাধিকবার হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর ম্যাচটাইম নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। ঘন সূচির মধ্যে একাধিক খেলায় বিশ্রামও দেওয়া হয়েছে। একই ধরনের সমস্যার জন্য চলতি বছরের শুরুতেও প্রি-সিজনের একটা অংশ মিস করেছিলেন। তাই বিশ্বকাপের ঠিক আগে এই ঘটনা আর্জেন্তিনার জন্য অস্বস্তিকর। কারণ ৩৮ বছর বয়সি মেসি এখনও দলের সবচেয়ে বড় ভরসা। আটবারের ব্যালন ডি'অরজয়ীকে ছাড়া বিশ্বকাপ অভিযান কল্পনা করাও কঠিন!
বিশ্বকাপের আগে সময় খুব কম
১১ জুন মেক্সিকো সিটিতে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট। আর্জেন্তিনার প্রথম ম্যাচ ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে। এর আগে মেসিরা ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন। আগামী সপ্তাহে বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার সম্ভাবনা। এখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে নামার কথা জানাননি মেসি। তবু তাঁর ষষ্ঠ বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। (FIFA World Cup 2026)
রবিবারের ম্যাচ বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ লড়াই ছিল। এখন নজর মেডিক্যাল রিপোর্টে ঠিক কী বেরোয়, সেদিকে। আর্জেন্তিনা সমর্থকরা বিলক্ষণ জানেন, বিশ্বকাপের আগে 'মেসি ফিট' খবরটুকু জরুরি অক্সিজেন জোগাতে পারে (Football News Bangla)।

