Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছুরি মেরে প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টা তরুণের, সোদপুরে শোরগোল

ছুরি মেরে প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টা তরুণের, সোদপুরে শোরগোল

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে প্রকাশ্য রাস্তায় চরম নৃশংসতা। এক তরুণীকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। জানা গিয়েছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল (Lover stabs girlfriend to death Sodepur)। উত্তর ২৪ পরগনার সোদপুরে ফিউচার গেটের সামনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় (Sodepur Future gate murder)।

রক্তাক্ত অবস্থায় দু'জনকেই উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ওই যুবক। এই কাণ্ডকে কেন্দ্র করে থমথমে সোদপুরের ওই চত্বর। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মৃতার নাম গীতা দাস। যে যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, তাঁর নাম সুভাষ দত্ত। সকালে সোদপুরের ফিউচার গেট এলাকার খুব ব্যস্ত থাকে এমন নয়। রোজের মতোই স্বাভাবিক চলছিল জীবন। সেই সময়ই আচমকা এই অঘটন। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হঠাৎই নিজের পকেট থেকে একটি ধারালো ছুরি বার করেন ওই যুবক। কিছু বুঝে ওঠার আগেই প্রেমিকার ওপর চড়াও হয়ে একের পর এক কোপ বসাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তরুণী। সাতসকালে রাস্তার মোড়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্বভাবতই শিউরে ওঠেন উপস্থিত পথচারী ও স্থানীয় বাসিন্দারা। আহত তরুণীকে বাঁচাতে বেশ কয়েকজন ছুটে এলে তাঁদের ওপরেও চড়াও হন ওই যুবক। ছুরি উঁচিয়ে তাঁদের উপর হামলা চালান। এরপরই আচমকা সেই রক্তাক্ত ছুরিই নিজের পেটে ঢুকিয়ে দেন তিনি।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় খড়দহ থানায়। বাসিন্দারা তৎপর হয়ে রক্তাক্ত দুজনকে উদ্ধার করে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই তরুণীর মৃত্যু হয়। অন্যদিকে, নিজের পেটে গুরুতর জখম নিয়ে ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়েই সোদপুর ফিউচার গেটের সামনে এসে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খবর, পুলিশ মৃত যুবতীর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর থেকে সোদপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall