Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দার্জিলিংয়ে ভেঙে পড়ল হেরিটেজ টয়ট্রেনের লোকো শেড, আহত ৭ কর্মীকে পাঠানো হল হাসপাতালে

দার্জিলিংয়ে ভেঙে পড়ল হেরিটেজ টয়ট্রেনের লোকো শেড, আহত ৭ কর্মীকে পাঠানো হল হাসপাতালে

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: পাহাড়ের অন্যতম ঐতিহ্যবাহী রেলস্টেশনে বুধবার সকালে অপ্রত্যাশিত দুর্ঘটনা (Darjeeling News)। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেন ইঞ্জিন রাখার কাঠের শেডের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Darjeeling Toy Train)। দুর্ঘটনার সময় সেখানে কর্মরত কয়েকজন রেলকর্মী আহত হন।

যদিও রেল সূত্রে জানা গিয়েছে, কারও আঘাত গুরুতর নয়।

বুধবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আচমকা বিকট শব্দ শুনে দার্জিলিং স্টেশনে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাঁরা বুঝতে পারেন স্টেশনের উল্টোদিকে পুরনো ইঞ্জিন শেডটি ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেনের ইঞ্জিন এখানে রাখা হয়। কাঠের শেডের একটি অংশই এদিন আচমকা ভেঙে নীচে পড়ে যায়।

ঘটনার সময় শেডের ভিতরে ও আশপাশে কয়েকজন রেলকর্মী কাজ করছিলেন। ধসে পড়া কাঠামোর আঘাতে তাঁরা আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে ওই এলাকা ঘিরে ফেলা হয়। কী কারণে শেড ভেঙে পড়ল তা খতিয়ে দেখার কাজ শুরু হয়। ঠিক কী কারণে এত বড় কাঠামো আচমকা ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। কাঠের পুরনো কাঠামোর দুর্বলতার জন্যই এই দুর্ঘটনা না রক্ষণাবেক্ষণের অভাব, কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শেডের বাকি অংশও নিরাপদ কি না, তা পরীক্ষা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সরিয়ে মেরামতির প্রস্তুতি শুরু হয়েছে। UNESCO-র বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেন। সেখানে এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে। রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত কর্মীদের শারীরিক অবস্থাও স্থিতিশীল। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall