দ্য ওয়াল ব্যুরো: তথাকথিত নায়িকা হয়তো তিনি নন। কিন্তু যে চরিত্রে অভিনয় করেন, দর্শকের ভাল লাগে। অনিন্দিতা বসু অনেক দিন পরে বাংলা ছবির নায়িকা। সৌম্য রায়চৌধুরীর 'ঘুণ গাঁও' ছবিতে তিনি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। রণজয় বিষ্ণুর বিপরীতে তিনি।
পরিচালক জানিয়েছেন, 'ঘুণ গাঁও' রহস্য-রোমাঞ্চ ছবি।
অনিন্দিতাকে শেষ দেখা গিয়েছে বাংলা সিরিজ 'নিখোঁজ ছায়া ২'-এ। অভিনেত্রীর কি গা ছমছমে রহস্য পছন্দ? নাকি এই ধরনের ছবি বা সিরিজ দর্শকের পছন্দ, তাই তিনিও রাজি? 'দ্য ওয়াল' প্রশ্ন করেছিল তাঁকে। অনিন্দিতা বললেন, 'জীব জগতে সব কিছুর মধ্যেই রহস্য লুকিয়ে। সেটা মানবজীবন হোক বা জীবজগৎ। তাই রহস্যকে এড়িয়ে যাওয়ার উপায় নেই।' একটু হেসে আরও যোগ করলেন, তিনি নিজেও তাই রহস্য-রোমাঞ্চধর্মী ছবি বা সিরিজে কাজ করতে ভালবাসেন।
একই সঙ্গে পর্দায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হওয়ার লোভটাও সামলাতে পারেননি। অনিন্দিতা কথাপ্রসঙ্গে বললেন, 'মোবাইলে টুকটাক ফটোগ্রাফি করতে পারি। কিন্তু বড় ক্যামেরা কী করে ধরতে হয়, সেই ক্যামেরা দিয়ে জুম করে কী করে ছবি তুলতে হয়, জানা ছিল না। পর্দা আমায় সে সবের সুযোগ করে দিচ্ছে। এত কিছু শেখাবে যে চরিত্র, তাকে কী করে 'না' বলি?' হার্নেস পরে, সবুজ পোশাকে নিজেকে মুড়ে কী ভাবে জঙ্গলে মিশে যেতে হয়, এই ছবিতে অভিনয় করতে গিয়ে শিখেছেন অভিনেত্রী।
'ঘুণ গাঁও'-এ একটি রহস্যময় গ্রাম আর এক কালো চিতাকে
ঘিরে রহস্য। কালো চিতার সন্ধানে বেরিয়ে রহস্যময় গ্রামে এসে পৌঁছোন অনিন্দিতা। রহস্যভেদে বেরিয়ে এমন অনেক কিছু জানতে পারেন, যা তাঁর দৃষ্টি খুলে দিয়েছিল। পূর্ণিমায় চাঁদের আলো গায়ে পড়লে রণজয় 'কালো চিতা' হয়ে যান, এটাই কি দর্শক জানতে পারবেন অনিন্দিতার মাধ্যমে? প্রশ্ন শুনে এ বার হা হা হাসি। অনিন্দিতা বলে উঠলেন, 'এটা ভাল বলেছেন। অবশ্যই এটা বড় রহস্য। তবে এটাই এই ছবিতে দেখানো হবে কিনা, সেটা প্রেক্ষাগৃহ বলবে।' অভিনেত্রী আভাস দিয়েছেন, এই ছবিতে এমন কিছু দেখানো হবে, সেটা বাংলার দর্শক দেখেননি।
অনিন্দিতা অনেক বছর ধরে অভিনয় দুনিয়ায়। তাঁর ঝুলিতে অপর্ণা সেনের 'দ্য পেরিস্ট', অনন্ত মহাদেবনের 'দ্য স্টোরিটেলার', অতনু ঘোষের 'আরও এক পৃথিবী'র মতো ছবি। সেই অভিনেত্রী এমন সময়ে বাংলা ছবির নায়িকা, যখন ইন্ডাস্ট্রির টালমাটাল অবস্থা। বাণিজ্য, ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো গুরু দায়িত্বও তাঁর কাঁধে। অনিন্দিতার কি রাতের ঘুম উড়েছে? প্রশ্ন শুনে একটু চুপ। ফোনের ও পাশে মৃদু হাসির শব্দ। অনিন্দিতা বললেন, '১৮ বছর ধরে অভিনয়ে। এখন আর এসব নিয়ে ভাবি না। কারণ, দর্শকের কোনটা ভাল লাগবে, কোনটা ভাল লাগবে না— সেটা আগাম বোঝা সম্ভব নয়।' তিনি দেখেছেন, দুর্দান্ত প্রচারের পরেও দর্শক ছবি বা সিরিজ থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই তিনি সবটাই দর্শকের উপরে ছেড়ে দেন। অভিনেত্রীর কথায়, 'অভিনয়, ডাবিং শেষ মানেই আমার দায়িত্ব শেষ। আর মাথা ঘামাই না।'
অনিন্দিতার হাতে একের পর এক বাংলা ছবি। টলিউডে নিজেকে নতুন করে প্রমাণ করতে চলেছেন? অভিনেত্রীর কথায়, 'আমার আর নিজেকে নতুন করে প্রমাণ করার নেই। কোনও দিন নিজেকে নিয়ে, নিজের পেশাকে নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। যে চরিত্র পছন্দ হয়েছে, মনে হয়েছে, নিজের মতো করে ফুটিয়ে তুলতে পারব, সেই ছবি, ধারাবাহিক বা সিরিজে অভিনয় করেছি। দর্শকের ভালবাসা থেকে বঞ্চিত হইনি।' এই আত্মবিশ্বাস তাঁকে প্রতিদিন এগিয়ে যেতে সাহস জোগায়।

