দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হল তাঁদের একসঙ্গে সপ্তম ছবির আনুষ্ঠানিক যাত্রা। অর্থাৎ রবিবার শহরে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত দেশু ৭ ছবির শুভ মহরত, যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী থেকে শুরু করে টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।
এই ছবিকে ঘিরে আগ্রহের অন্যতম কারণ শুধু দেব-শুভশ্রীর জুটি নয়, বরং ছবির সঙ্গে জড়িয়ে থাকা একাধিক চমকও। দীর্ঘদিনের বিতর্ক ও টানাপোড়েনের পর অভিনেতা-প্রযোজক দেব অনির্বাণ ভট্টাচার্যকে আবারও মূলধারার বড় প্রজেক্টে ফিরিয়ে এনেছেন, তা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ফলে ছবিটি মুক্তির আগেই বিশেষ গুরুত্ব পেতে শুরু করেছে। পাশাপাশি ছবি মুক্তির ১০ মাস আগেই হাউসফুল প্রথম দিনের শো।
মহরতের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দেব ও শুভশ্রী দুজনেই। সেই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এখন সকলের একটাই প্রশ্ন—কবে শুরু হবে শুটিং, কোথায় হবে প্রথম পর্বের কাজ, আর সবচেয়ে বড় কথা, ছবির নামই বা কী হতে চলেছে?
দেব-শুভশ্রীর জুটিকে ঘিরে দর্শকদের আবেগ বরাবরই আলাদা। গত বছর তাঁদের পুনর্মিলন যেমন বক্স অফিসে সাড়া ফেলেছিল, তেমনই নতুন ছবির দাবি উঠেছিল দর্শকদের তরফে। সেই প্রত্যাশারই বাস্তব রূপ এই নতুন প্রজেক্ট। প্রায় এক যুগ পর ফের বড়পর্দায় এই জুটিকে ঘিরে যে নস্ট্যালজিয়ার আবহ তৈরি হয়েছে, তা ইতিমধ্যেই স্পষ্ট।
ছবির গল্প বা নাম নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন নির্মাতারা। 'ধূমকেতু' ঘিরে দর্শকদের যে অপূর্ণতা থেকে গিয়েছিল, সেই আবেগকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই নতুন ছবির পরিকল্পনায়। দেব আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দর্শকদের প্রত্যাশাকে মাথায় রেখেই তৈরি হচ্ছে এই বিশেষ প্রজেক্টের গল্প ও চিত্রনাট্য।
শুভ মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সপ্তম ছবির। এখন নজর ট্রেলার, শুটিং আপডেট এবং ছবির নাম ঘোষণার দিকে। তবে একটা বিষয় স্পষ্ট—২০২৬ সালের পুজোর বক্স অফিস লড়াইয়ে এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ ইতিমধ্যেই আকাশছোঁয়া।

