দ্য ওয়াল ব্যুরো: চৈত্রের শেষে কিংবা বৈশাখের শুরুতে যে কালবৈশাখীর জন্য বঙ্গবাসী অপেক্ষা করে থাকে, সেই রুদ্ররূপ এবার দেখতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া বদলাতে শুরু করবে (West Bengal Weather Update)। রবিবার এবং সোমবার - এই দু'দিন বৃষ্টির তেজ এবং ঝড়ের দাপট সবথেকে বেশি থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। তবে স্বস্তির খবর একটাই, আগামী বুধবার থেকে আবহাওয়া ফের শুষ্ক হতে পারে (West Bengal weather forecast)।
কলকাতার হালহকিকত (Kolkata weather update today)
তিলোত্তমায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও রবিবার বিকেল থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা প্রবল। সোমবার কলকাতায় কালবৈশাখী হওয়ার বড় রকমের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ পর্যন্ত হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের দাপট
আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ বদলে যেতে শুরু করেছে। হাওয়া অফিস জানাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বাকি জেলাগুলোতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার থেকে দুর্যোগের মাত্রা বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। সোমবারও একই পরিস্থিতি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ঝড়ো হাওয়ার রেশ থাকবে। বুধবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণ যখন ঝড়ের অপেক্ষায়, উত্তরবঙ্গ তখন ভিজছে ভারী বৃষ্টিতে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার - এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ১১০ মিলিমিটারও ছাড়িয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার দাপট থাকবে মালদা থেকে কোচবিহার সব জেলাতেই। বুধবার থেকে উত্তরেও আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে থাকবে।
ভোট গণনার দিনও বৃষ্টির ভ্রুকুটি
সবথেকে বড় দুশ্চিন্তার জায়গা হল ৪ মে অর্থাৎ ভোট গণনার দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের দিনের মতোই গণনার দিনও দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

