Dailyhunt
'দিদি আছেন, দিদিই থাকবেন', রাজ্যের ভোট গণনার আগের দিন ২৩৪ আসনের ভবিষ্যদ্বাণী অখিলেশের

'দিদি আছেন, দিদিই থাকবেন', রাজ্যের ভোট গণনার আগের দিন ২৩৪ আসনের ভবিষ্যদ্বাণী অখিলেশের

THE WALL 5 days ago

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। সোমবার সকাল থেকেই খোলা হবে ইভিএম আর ব্যালট বাক্স(West Bengal Assembly Election 2026)। পশ্চিমবঙ্গ কি ফের তৃণমূলের উপরেই আস্থা রাখল, নাকি এবার পরিবর্তনের হাওয়ায় গেরুয়া ঝড় বইবে - এই প্রশ্নের উত্তর মিলবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। সারা বাংলা যখন স্নায়ুযুদ্ধে কাঁপছে, ঠিক তখনই সুদূর উত্তরপ্রদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জন্য এল অগ্রিম জয়ের শুভেচ্ছা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার ঠিক আগে আত্মবিশ্বাসী গলায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ঘোষণা করে দিলেন, 'দিদি আছেন, দিদিই থাকবেন।' শুধু তাই নয়, ছাব্বিশের মহারণে তৃণমূল ২৩৪টি আসন পাবে বলেও বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

নিজের সোশ্যাল মাধ্যমে তৃণমূলের জয়ের পরিসংখ্যান দিয়ে অখিলেশ দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বহু আধিকারিকের কথাতে তৃণমূলের ২৩৪টি আসনে জেতার ইঙ্গিত মিলেছে। তাঁর কথায়, স্পষ্ট যে নির্বাচন কমিশনকেও ভরসা করতে পারছে না বিজেপি। এও স্পষ্ট, বিজেপি এবারও শোচনীয়ভাবে হারবে। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া একাধিক আধিকারিকের মুখে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল ২৩৪ আসনে জিতবে, সেটাই সঠিক হতে চলেছে। দিদি আছেন, দিদিই থাকবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অখিলেশের এই অকুণ্ঠ সমর্থন অবশ্য নতুন কিছু নয়। ভোট চলাকালীন যখন রাজনৈতিক পারদ তুঙ্গে ছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে 'একা লড়া বাঘিনী'র সঙ্গে তুলনা করেছিলেন সপা প্রধান। মুলায়ম সিং যাদবের আমল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদব পরিবারের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাবার উত্তরসূরী হিসেবে অখিলেশও সেই রাজনৈতিক এবং ব্যক্তিগত বন্ধুত্বের ধারা বজায় রেখেছেন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যখন 'ইন্ডিয়া' জোটের ভিত তৈরি হয়েছিল, তখন থেকেই এই দুই নেতার রসায়ন আরও মজবুত হয়েছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের নির্বাচনের সময় লখনউয়ের মাটিতে দাঁড়িয়ে অখিলেশের সমর্থনে প্রচার চালিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পাল্টা হিসেবে বাংলার বিধানসভা নির্বাচনেও বারবার জোড়াফুল শিবিরের হয়ে সওয়াল করেছেন অখিলেশ। গণনার আগের রাতে তাঁর এই আত্মবিশ্বাসী পোস্ট তৃণমূল কর্মীদের মনোবল যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। এখন দেখার, অখিলেশের এই ২৩৪ আসনের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সঠিক প্রমাণিত হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall