Dailyhunt
দিল্লিতে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজেপি নেতাদের

দিল্লিতে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজেপি নেতাদের

THE WALL 3 days ago

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির দুই নেতা বিজয় চৌথালিয়া ও শিশির বাজোরিয়া। বিএনপি-র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে উল্লেখ করেছেন।

তিনি বিজেপি নেতাদের হাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি চিঠি তুলে দেন।

বিজেপি নেতারা বিষয়বস্তু জানাননি। চিঠি লেখা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে।

গত মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ উপদেষ্টা হুমায়ুনও ভারত সফরে এসেছেন। সরকারি কাজের ফাঁকে তিনি মিলিত হন‌ কেন্দ্রীয় বিজেপির বৈদেশিক বিষয়ক বিভাগের দুই শীর্ষ নেতা বিজয় চৌথালিয়া এবং শিশির বাজরিয়ার সঙ্গে।

বঙ্গ বিজেপি নির্বাচনী কমিটির অন্যতম নেতা বাজোরিয়া কেন্দ্রীয় বিজেপির বিদেশ বিষয়ক বিভাগ এবং ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কোর কমিটির সদস্য। কেন্দ্রীয় বিজেপির তরফে তিনি‌ বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। আওয়ামী লিগ এবং বিএনপি দুই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। ‌

হুমায়ুনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি আগেই বলেছিলেন, বিজেপি গণতন্ত্রে আস্থাশীল একটি দল। জনগণের আশীর্বাদে যখন আওয়ামী লিগ বাংলাদেশে সরকারের ছিল তখন বিজেপি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে গেছে।‌ এখন সে দেশে ক্ষমতায় এসেছে বিএনপি। নতুন ক্ষমতাসীন দলের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী বিজেপি। বাংলাদেশের নতুন শাসক দলের সঙ্গে ভারতের শাসক দলের সম্পর্ক গড়ার এই চেষ্টার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা চলছে।

বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের লেখা বই 'হোয়াই ভারত ম্যাটার্স' উপহার দিয়েছেন।

খলিলুর রহমান এবং হুমায়ুন কবির মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি পৌঁছান। ভারতের রাজধানীতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে তাদের বৈঠক হয়। এর ফাঁকে বিজেপি নেতাদের সঙ্গে কথা হয় হুমায়ুন কবিরের।

শেখ হাসিনার জমানায় বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারত সরকারের পাশাপাশি বিজেপিরও সম্পর্ক অনেকটা চ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিএনপির অভিযোগ ছিল বিজেপি শেখ হাসিনার দল আওয়ামী লিগের সঙ্গে সম্পর্ক রেখে চলত। সেদিক থেকে বাংলাদেশের বিদেশমন্ত্রীর সফরকে যেমন ভারত-বাংলাদেশ সম্পর্কের নব সূচনা বলা হচ্ছে, পাশাপাশি বিজেপি-বিএনপি'ও সম্পর্ক গড়তে চাইছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall