Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'দুর্নীতির ঠাঁই নেই, শুধু গুজবে কান দেবেন না', অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বার্তা মুখ্যমন্ত্রীর

'দুর্নীতির ঠাঁই নেই, শুধু গুজবে কান দেবেন না', অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বার্তা মুখ্যমন্ত্রীর

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিজেপি সরকার গঠনের আগে মহিলাদের জন্য মাসিক ৩ হাজার টাকার 'অন্নপূর্ণা যোজনা'র (Annapurna Yojana) প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের আবেদনপত্র প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে ১২ পাতার দীর্ঘ ফর্মে জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পরিবারের সদস্যদের আর্থিক তথ্য সহ একাধিক নথি চাওয়ায় শুরু হয়েছে বিতর্ক।

অনেকের অভিযোগ, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর তুলনায় এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া অনেক বেশি জটিল।

এই পরিস্থিতিতে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সাধারণ মানুষের উদ্দেশে আশ্বাসের বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং প্রকৃত উপভোক্তাদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, 'গুজবে কান দেবেন না। আমরা নিশ্চিত করব, প্রকৃত প্রাপকই এই প্রকল্পের সুবিধা পান। কোনও পুরুষ বা অবৈধভাবে থাকা ব্যক্তি যাতে এই সুবিধা না পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে।'

ফর্ম পূরণ নিয়ে যাঁদের সমস্যা হচ্ছে, তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারি প্রতিনিধিরা প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করবেন। পাশাপাশি অনলাইন ও অফলাইন - দুই মাধ্যমেই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ সহায়তা শিবির আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ হয়নি, বিভিন্ন ব্লকের বিডিওদের আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সরকারি ঘোষণায়, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে আয়করদাতা, সরকারি কর্মী, নিয়মিত বেতনভোগী বা পেনশনপ্রাপকেরা এই সুবিধা পাবেন না। আবেদনপত্রে পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা, জমির মালিকানা এবং সংশ্লিষ্ট নথির তথ্য জমা দেওয়ার শর্ত রয়েছে।

ফর্মের জটিলতা নিয়ে ইতিমধ্যেই নানা মহল থেকে সরলীকরণের দাবি উঠেছে। এ বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, আবেদনপত্র আরও সহজ করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ফলে অন্নপূর্ণা যোজনার ফর্মে পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall