Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

এবার কোন ধারাবাহিকের ভাগ্যবদল? ময়দানে নতুন সিরিয়াল 'বাবলি সুন্দরী', কবে থেকে শুরু?

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসায় নতুন ধারাবাহিক আসা মানেই দর্শকমহলে আলাদা উন্মাদনা তৈরি হয়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন মেগা—'বাবলি সুন্দরী'। কিছুদিন আগেই ধারাবাহিকটির নাম প্রকাশ্যে আসে এবং এরপর একে একে প্রকাশিত হয় দুটি প্রোমো। প্রোমো প্রকাশের পর থেকেই গল্প, চরিত্র ও সম্ভাব্য স্লট নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

কোন সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, কোন মেগার জায়গা পরিবর্তন হতে পারে—এসব নিয়েই চলছিল নানা জল্পনা। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এল সম্প্রচারের দিন ও সময়।

আগামী ২০ মে থেকে স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে 'বাবলি সুন্দরী'র সম্প্রচার। প্রতিদিন সন্ধ্যা ৬টার স্লটে দেখা যাবে এই নতুন মেগা। ফলে এই স্লটে বর্তমানে সম্প্রচারিত কম্পাস ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা হানি বাফনা। তাঁর চরিত্রের নাম বেণু। বিপরীতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী স্নেহা গুড়িয়াকে । এই জুটিকে কেন্দ্র করেই এগোবে গল্পের মূল পর্ব।

গল্পের শুরু এক সুখী পরিবারের আবেগঘন জীবনের মধ্য দিয়ে। বেণুর স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী ও স্নেহময়ী একজন মানুষ। তাঁদের সংসার ছিল আনন্দে ভরা। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে হঠাৎই মৃত্যু হয় তাঁর স্ত্রীর। এই ঘটনার পর থেকেই ভেঙে পড়ে বেণুর জীবন।

বড় মেয়ে বাবাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে বসে এবং ছোট বোনের সঙ্গেও সম্পর্কের দূরত্ব তৈরি হয়। সংসারের এই অশান্তি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে একসময় বাড়ি ছেড়ে চলে যায় বেণু। ফলে পুরো পরিবারে নেমে আসে নিঃসঙ্গতা ও শূন্যতা।

এই পরিস্থিতিতে বেণুর মা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যাতে তাঁর ছেলের জীবনে আবার সুখ ফিরে আসে এবং এমন একজন মানুষ আসে, যে তাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। ঠিক সেই সময়ই গল্পে প্রবেশ করে বাবলি সুন্দরী। পেশায় সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। মঞ্চে হাসির মাধ্যমে মানুষের মন জয় করাই তার পরিচয়। প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে সে হয়তো 'সুন্দরী' নয়, কিন্তু তার মনের সৌন্দর্য ও সহজ-সরল জীবনদর্শনই তাকে আলাদা করে তোলে।

বেণুর ভেঙে পড়া জীবনে কি নতুন আলো হয়ে উঠবে বাবলি? হাসি আর কষ্টের টানাপোড়েনে কোন দিকে মোড় নেবে এই সম্পর্ক? সেই উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে পর্বে। এখন শুধু অপেক্ষা, ২০ মে থেকে সন্ধ্যা ৬টায় পর্দায় আসছে 'বাবলি সুন্দরী'—নতুন গল্প ও নতুন অনুভূতি নিয়ে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall