Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট আজও, স্বস্তি কি দীর্ঘস্থায়ী?

এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট আজও, স্বস্তি কি দীর্ঘস্থায়ী?

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দীর্ঘদিনের অস্বস্তিকর গরম ও আর্দ্রতার পর অবশেষে কালবৈশাখীর দাপটে স্বস্তি ফিরেছে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। শুক্রবারের প্রবল ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নেমেছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

এক দিনের ব্যবধানে তা কমে শুক্রবার দাঁড়িয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদ-মেঘের লুকোচুরি চলছে। আকাশ মোটের উপর মেঘলা থাকলেও দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবারও আবহাওয়ার এই স্বস্তিকর পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনিবার কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যদিও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী ২ জুন পর্যন্ত মোটামুটি একই পরিস্থিতি বজায় থাকবে। এরপর ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং বুধবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এই আবহাওয়ার পিছনে একাধিক অনুকূল পরিস্থিতির কথা জানিয়েছে হাওয়া অফিস। মধ্য পাকিস্তানের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তীসগড় হয়ে অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিমী বায়ুপ্রবাহে অবস্থিত নিম্নচাপ অক্ষরেখাটিও রয়েছে সক্রিয়। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তও অবস্থান করছে, যার প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে।

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আপাতত গোটা বাংলাজুড়েই গরমের দাপট থেকে খানিকটা স্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall