১৫ বছর নাচ থেকে দূরে! সেই কনীনিকা বন্দ্যোপাধ্যায় ১২ জুলাই 'দেবী অন্নপূর্ণা' হয়ে নাচের দুনিয়ায় ফিরছেন! আগের মতোই যাতে তিনি অনায়াস নাচতে পারেন, তার জন্য দিন কয়েক মহড়াও দিয়েছেন। পরিচালনায় সৈকত সামন্ত।
নাচ ভালবাসেন দু'জনেই। সৈকত আর কনীনিকা। খবর, গত বছর থেকে তাঁরা জুটি বেঁধেছেন। নাচের মাধ্যমে পৌরাণিক গল্প বলছেন মঞ্চে।
তাঁদের মাধ্যম 'দেবী অন্নপূর্ণা'। নৃত্যনাট্যের নাম 'কল্যাণ সুন্দর'। দেবী এবং কালভৈরবের কথোপকথনের মাধ্যমে মহাদেব, সতী, কাশীতে অন্নপূর্ণার আগমন-সহ বিভিন্ন পৌরাণিক গল্প, চরিত্রের সঙ্গে এই প্রজন্মের পরিচয় করাবেন তাঁরা। এ বারে তাঁরা মঞ্চে ফিরছেন ১২ জুলাই।
এত বছর পরে নাচ। জড়তা ছিল? 'দ্য ওয়াল' প্রশ্ন করেছিল কনীনিকার কাছে। অভিনেত্রীর কথায়, 'সাঁতার, গান বা সাইকেল শিখলে যেমন কেউ ভোলে না, তেমনই নাচ। ছোট থেকে বড় হয়েছি নাচ শিখতে শিখতে। ফলে, ভুলিনি সেটা। তাই আড়ষ্টতা ছিল না। বরং অনেক দিন পরে আবার মঞ্চে নৃত্যানুষ্ঠান করব, ভেবেই মন ভাল হয়ে যাচ্ছে।' অভিনেত্রীর সেই ভাললাগা মহড়ার সময়েই চোখেমুখে স্পষ্ট। সহ-শিল্পীদের সঙ্গে খুশিমনে অনেকটা সময় ধরে অভ্যাস করেন। উত্তেজনা চেপে কনীনিকা জানিয়েছেন, তাঁর একরত্তি মেয়ে কিয়া গত বছর পুরো নৃত্যনাট্য দেখেছে। শুধু দেখেইনি, নানা প্রশ্ন করে মায়ের কাছে সবিস্তার জানতেও চেয়েছেন।
নৃত্যশিল্পী সৈকতের আরও একটি পরিচয় আছে। তিনি পরিচালক শক্তি সামন্তের নাতি। ছবি পরিচালনা না করে কেন তিনি নৃত্য পরিচালনায়?
জবাবে তিনি জানিয়েছেন, ছোট থেকে নাচ ভীষণ ভালবাসেন। নানা অনুষ্ঠানে অংশও নিয়েছেন। সেই জন্য একই বিষয়কে গত বছর কথাকলি নাচের মাধ্যমে ফুটিয়েছেন। এ বার বেছে নিয়েছেন বাংলার ছৌ নাচকে। কনীনিকা ছৌ নাচ শিখলেন? অভিনেত্রী জানিয়েছেন, তিনি নন, কালভৈরব-সহ মৃত্যনাট্যের অন্যান্য চরিত্র ছৌ নাচ নাচবেন।
মঞ্চের 'অন্নপূর্ণা' কনীনিকা নিজের সংসারের কর্ত্রী। দেবীর মতো তিনিও কি বাড়ি থেকে কাউকে অভুক্ত যেতে দেন না?
অভিনেত্রী বললেন, 'ছোট থেকে মায়েদের দেখেছি, নিজেরা না খেয়ে, সবার মুখ অন্ন তুলে দিতে। তাই আমার চোখে তাঁরাই অন্নপূর্ণা। আমিও সে ভাবেই নিজের সংসার সাজিয়েছি। সকাল থেকে সংসার সামলাই। দুই সন্তান, স্বামী, পরিবারের অন্যদের জলখাবার নিজের হাতে তৈরির চেষ্টা করি।' একটু থেমে যোগ করেছেন, 'নিজে অভুক্ত থেকে নয়।' কনীনিকার মতে, 'যুগ বদলেছে। এখনকার অন্নপূর্ণাদের নিজের যত্ন নিতে জানতে হবে। আগের মতো আর নিজেকে বিলিয়ে দিলে হবে না।'

