Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় ভাইরাল 'প্রপোজ' আসলে পুরো নাটক! ফাঁস করলেন কনের বাবা

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় ভাইরাল 'প্রপোজ' আসলে পুরো নাটক! ফাঁস করলেন কনের বাবা

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: এভাবেও বোকা বানানো যায় তাহলে! তবে সে জন্য তো আকাশছোঁয়ার দুঃসাহসও থাকতে হবে। নিউ ইয়র্কের আকাশচুম্বী এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের (Empire State Building) চূড়ায় দাঁড়িয়ে ইভান বিয়ারকাসের হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলা নিকোলাউকে আংটি পরানোর যে ছবি দেখে গোটা বিশ্বের কোটি কোটি মানুষ আবেগে ভেসেছিলেন, তা আসলে ছিল একটা সুপরিকল্পিত 'স্টান্ট' বা সাজানো নাটক!

ওই রোমাঞ্চকর প্রেমের প্রস্তাবের সময় ইভান ও অ্যাঞ্জেলা নাকি নিছক 'পারফরম্যান্স' করছিলেন, কারণ তাঁরা অনেক আগেই আইনিভাবে স্বামী-স্ত্রী!

এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন স্বয়ং অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ। মার্কিন সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়েছেন, "ওরা আগেই বিয়ে করে নিয়েছে। ওটা চূড়ায় উঠে শুধুই একটা পারফরম্যান্স ছিল।" তবে কোথায় বা কবে তাঁদের আসল বিয়ে হয়েছিল, তা অবশ্য খোলসা করেননি দিমিত্রি।

তদন্তে নেমে নিউ ইয়র্ক পুলিশ (NYPD) এই যুগলের যে কীর্তি জানতে পেরেছে, তা কোনও থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। ঘটনার আগের দিন সাধারণ পর্যটকের বেশে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ঢোকেন ইভান ও অ্যাঞ্জেলা। বিল্ডিং বন্ধ হয়ে যাওয়ার পরও তাঁরা চতুরতার সঙ্গে ভিতরেই লুকিয়ে থাকেন।

ভোররাতে একটি ফ্লোর হ্যাচ দিয়ে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়ান তাঁরা। এরপর ১০৪ তলায় পৌঁছাতে দুটি তালা কেটে ব্রডকাস্ট অ্যান্টেনার বিপজ্জনক অংশে উঠে পড়েন এবং পুরো রাত সেখানেই অপেক্ষা করেন।

পরদিন দুপুরে তাঁরা সেখান থেকে একটি ব্যানার মেলে ধরেন এবং আংটি বদলের নাটক শুরু করেন। ততক্ষণে পুরো এলাকা ড্রোন ও হেলিকপ্টার দিয়ে ঘিরে ফেলেছিল পুলিশ।

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওই ব্রডকাস্ট অ্যান্টেনা থেকে নির্গত শক্তিশালী রেডিও সিগন্যাল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই পুলিশ তাঁদের উদ্ধার করার আগে প্রায় ৩০ মিনিটের জন্য ওই টাওয়ারের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়। এরপর বিশেষ বাহিনী গিয়ে দু'জনকে নামিয়ে এনে গ্রেফতার করে।

বর্তমানে এই যুগলের বিরুদ্ধে নিউ ইয়র্ক আদালতে মোট ৮টি ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে— বেআইনিভাবে প্রবেশ, জীবনের ঝুঁকি নেওয়া বা বিপন্ন করা, দুষ্কর্ম, অবৈধভাবে তালা কাটার যন্ত্রপাতি রাখা এবং স্থানীয় আইন ভঙ্গ।

পরদিন একই কালো পোশাকে আদালতে হাজির করা হয় দু'জনকে। তাঁদের আইনজীবীর দাবি, "এটি ভালোবাসার বার্তা ছিল, কোনও অপরাধ নয়। পুলিশ অভিযোগগুলিকে অতিরঞ্জিত করছে।" আদালত অবশ্য দু'জনকেই শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে এবং আগামী ২৪ আগস্ট আবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত থেকে বেরিয়েই সাংবাদিকদের সামনে হাত ধরাধরি করে হাঁটেন দু'জনে। সাবওয়েতে (মেট্রো) ঢোকার আগে ক্যামেরার সামনে প্রকাশ্যেই চুম্বন করেন তাঁরা। ইভানের সংক্ষিপ্ত মন্তব্য, "উই লাভ নিউ ইয়র্ক।"

এদিকে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ খানিক রসিকতার সুরে এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত না হলেও বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তাদের তৈরি করা 'অবজারভেশন ডেক'-ই যথেষ্ট রোমান্টিক জায়গা, তার জন্য তালা কেটে চূড়ায় ওঠার কোনও প্রয়োজন ছিল না!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall