জয়িতা চন্দ্র
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর জন্মদিন বলে কথা। অনুরাগীদের জন্যে কোনও চমক থাকবে না তা কি হয়? তাই এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল তাঁর বহুল প্রতীক্ষিত বায়োপিকের প্রথম পোস্টার। চোখে পড়ল সেই ঐতিহাসিক মুহূর্ত। পোস্টারে ধরা পড়েছে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত—২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি উড়িয়ে সেলিব্রেশন।
সেই আইকনিক লুকে দেখা গেল অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)-কে, যিনি ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন।
এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। পর্দায় তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। কেমন ছিল মহারাজের বায়োপিক শুটিং-এর অভিজ্ঞতা, সৌরভের ভূমিকাই বা কতটা ছিল? সবটা নিয়ে খোঁজ নিতে দ্য ওয়াল যোগাযোগ করে অপরাজিতার সঙ্গে। আর সেখানেই উঠে এল বায়োপিকের শুটিং-এর অন্দরমহলের একাধিক অজানা অভিজ্ঞতা।
হাসিমুখে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপরাজিতা বলেন, 'পরিচয় অনেক দিনের। কিন্তু এই ছবিতে কাজ করতে গিয়েই আরও কাছ থেকে বুঝলাম, কেন এত বড় মাপের একজন মানুষ হয়েও তিনি সকলের এত প্রিয়। সৌরভ সেই স্টার, যাঁর পা থাকে মাটিতে।'
অভিনেত্রীর কথায়, ছবির বড় একটা অংশের শুটিং হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই। কলকাতা ও মুম্বই—দুই শহর মিলিয়ে শুটিং চললেও নিজের বাড়ির শুটিংয়ে প্রায়ই উপস্থিত থাকার চেষ্টা করতেন সৌরভ। তবে কখনও কোনও ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি।
'যেহেতু এটা ওঁর নিজের জীবনের গল্প, তাই স্বাভাবিকভাবেই সবকিছু নিয়ে আগ্রহ ছিল। কিন্তু কোথাও কোনও দৃশ্য বা অভিনয় নিয়ে প্রশ্ন তোলেননি। বরং সবসময় সহযোগিতা করেছেন। খুব সক্রিয়ভাবে পুরো বিষয়টা দেখতেন, কিন্তু কখনও নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে,' বলেন অপরাজিতা।
শুধু একজন তারকা নয়, একজন মানুষ হিসেবেও সৌরভকে নতুন করে চিনেছেন অভিনেত্রী। তাঁর কথায়, 'আমরা যেমন মধ্যবিত্ত পরিবারে কিছু মূল্যবোধ আর নীতির মধ্যে বড় হয়েছি, সৌরভও ঠিক সেই পরিবেশ থেকেই উঠে এসেছেন। জীবনের নানা অধ্যায়ে তাঁকে একাধিকবার ভেঙে পড়তে হয়েছে, আবার সেখান থেকেই উঠে দাঁড়াতে হয়েছে। এই যাত্রাপথটা এই ছবিতে কাজ করতে গিয়েই আরও গভীরভাবে উপলব্ধি করেছি। ওঁর জীবনের এই লড়াই সত্যিই অনুপ্রেরণাদায়ক।'
ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী (Vikramaditya Motwane) এবং সহ-অভিনেতা রাজকুমার রাওয়ের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। অপরাজিতা বলেন, 'এমন একটা ইউনিটের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের। বিক্রমাদিত্য মতওয়ানে কেন এত বড় পরিচালক, তাঁর সঙ্গে কাজ না করলে বোঝা যায় না। আর রাজকুমারের সঙ্গে আগেও কাজ করেছি। এখানেও দেখলাম, ও ভীষণ পেশাদার এবং চরিত্রের প্রতি সম্পূর্ণ সুবিচার করার চেষ্টা করেন।'
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বায়োপিকের প্রথম পোস্টার প্রকাশের মধ্যেই ছবিকে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে। আর সেই আবহেই অপরাজিতা আঢ্যর কথায় উঠে এল পর্দার আড়ালের এক অন্য সৌরভ—যিনি বিশ্বজোড়া খ্যাতির মাঝেও সহজ, সংযত এবং মাটির মানুষ।

