দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আবারও পথ দুর্ঘটনা সিঙ্গুরে (Singur Accident)। এবার গাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু হল চালকের। ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে প্রথমে চলন্ত দুটি ডাম্পারের সংঘর্ষ হয়।
তাতে একজন আহত হন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে চলতে থাকা গাড়িগুলোর গতিবেগ কমে যায়। কিছুক্ষণ পরেই একটি চলন্ত গাড়ির পিছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে বালি বোঝাই একটি লরি। সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় লরিটির। আগুন লেগে যায়। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি।
খবর পেয়ে দমকল এসে আগুন নেভায়। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় গাড়ির ভিতরে আটকে পড়া চালকের। মৃত গাড়ির চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার আগে দুটি ডাম্পারের সংঘর্ষে গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী সুন্দর মান্না বলেন, "একটার পর একটা গাড়ির ধাক্কা লাগে। একটা গাড়ি জ্বলে যায়। গাড়ির ভিতরে একজন ছিল, বের হতে পারেনি।"
শুক্রবারই ভোরবেলা সিঙ্গুরে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। গয়ায় পিণ্ডদান করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের চারজনের।

