দ্য ওয়াল ব্যুরো: গল্ফগ্রিনে উদ্ধার হল যুগলের দেহ (Golf Green Death case)। রবিবার, ছুটির দিনে হাড়হিম করা কাণ্ড শহরের বুকে। একই ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় ছিলেন আরও দুই যুবক, তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে (Kolkata double death case)। কীভাবে এই দুই তরুণ-তরুণীর মৃত্যু হল, তার উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ দিলশাহ। তাঁর বাড়ি তিলজলা এলাকায়। তবে গলফগ্রিনের ওই ফ্ল্যাটে তাঁর নিয়মিত যাতায়াত ছিল (Golf Green flat mystery)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফ্ল্যাটটি সম্ভবত ভাড়া নিয়েছিলেন তিনি। পরিচিতদের নিয়ে প্রায়ই সেখানে আসতেন বলেও জানা গিয়েছে।
রবিবার সকালে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দুটি দেহ। একটি মহম্মদ দিলশাহর, অন্যটি এক তরুণীর (woman found dead)। তবে এখনও পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানা যায়নি। দিলশাহর সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল, তাও স্পষ্ট নয়। যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে।
দেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে উপস্থিত ছিলেন আরও দু'জন যুবক। তাঁদের মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং পরে পুলিশ তাঁদের আটক করে। ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চারজন কেন ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন, সেখানে কী ঘটেছিল এবং ঠিক কোন পরিস্থিতিতে দু'জনের মৃত্যু হল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।
ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই কারণেই মৃত্যুর নেপথ্যে মাদক সেবন, অতিরিক্ত নেশা, নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে, তা জানতে ফরেনসিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গল্ফগ্রিনের বহু ফ্ল্যাটের মালিক দীর্ঘদিন সেখানে থাকেন না। পরিবর্তে ফ্ল্যাটগুলি ভাড়া দেওয়া হয়। এর ফলে এলাকার বাইরে থেকে নানা ধরনের মানুষের যাতায়াত বাড়ছে, যা নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলে দাবি তাঁদের।
দু'জনের অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ এখন গ্রেফতার দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

