দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ দেখতে যাচ্ছেন (FIFA World Cup 2026)। টিকিট আছে। জার্সি আছে। পতাকা আছে। কিন্তু নিজের জলের বোতল? সেটা আছে তো? থাকলেও বিশেষ লাভ নেই। কারণ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে স্টেডিয়ামে জলভর্তি তো দূরের কথা, খালি পুনর্ব্যবহারযোগ্য বোতল নিয়ে ঢোকার অনুমতিও তুলে দিল ফিফা (Stadium Rules)।
মাত্র তিন সপ্তাহ আগেও সংস্থার সরকারি আচরণবিধিতে স্পষ্ট লেখা ছিল, এক লিটার পর্যন্ত স্বচ্ছ ও খালি প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বোতল স্টেডিয়ামে আনা যাবে (Water Bottle Ban)। কিন্তু ২ জুন আচমকা নিয়ম বদলে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, 'পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল স্টেডিয়ামে আনা যাবে না!' টিকিটধারীদের কাছেও ইমেল পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছে ফিফা (Sports News Bangla)।
তিন সপ্তাহে কী বদলে গেল?
সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। তিন সপ্তাহ আগে যে জিনিস অনুমোদিত ছিল, হঠাৎ তা নিষিদ্ধ কেন? ফিফার ব্যাখ্যা, 'খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে বোতল নিষিদ্ধ করা হয়েছে। বাইরে থেকে আনা বোতল ছুড়ে মারলে আঘাত লাগার ঝুঁকি থাকে।'কেন তিন সপ্তাহ আগে এই ঝুঁকি ছিল না, আর এখন রয়েছে—এই প্রশ্নের জবাব অবশ্য দেয়নি নিয়ামক সংস্থা।
নতুন নিয়ম অনুযায়ী, শুধু পুনর্ব্যবহারযোগ্য বোতল নয়, অন্য ধরনের বোতলও নিষিদ্ধ। ব্যতিক্রম শুধুমাত্র শিশুদের দুধ, জীবাণুমুক্ত জল এবং চিকিৎসাজনিত প্রয়োজনীয় তরল। সেক্ষেত্রে উপযুক্ত মেডিক্যাল নথি, যা ইংরেজি, ফরাসি বা স্প্যানিশ ভাষায় লেখা, সঙ্গে থাকতে হবে।
গরমের বিশ্বকাপে জল নিয়ে বিতর্ক
এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন বিশ্বকাপে তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের এক রিপোর্টে বলা হয়েছে, টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের মধ্যে প্রায় ২৬টি ম্যাচ এমন পরিস্থিতিতে হতে পারে, যেখানে গরমের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি থাকবে। গত বছর ক্লাব বিশ্বকাপেও খেলোয়াড় ও সমর্থকরা এই বিষয়ে অভিযোগ করেন। তখন বিভিন্ন স্টেডিয়ামে এক বোতল জলের দাম ছিল ৪ থেকে ৬ ডলার। এবার সেটা কত দাঁড়াবে, স্পষ্ট নয়। শুধু এটুকু জানা গিয়েছে: ফিফার দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার কোকা-কোলার জল ব্র্যান্ড স্টেডিয়ামে বিক্রি হবে। ফলে সমর্থকদের একাংশের প্রশ্ন: নিরাপত্তাই কি একমাত্র কারণ, নাকি এর সঙ্গে ব্যবসার অঙ্কও জড়িয়ে?
নতুন বিতর্ক শুরু
ফিফা অবশ্য জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে কুলিং জোন, মিস্টিং স্টেশন, হাইড্রেশন পয়েন্ট, ফ্যান জোন এবং ছাউনির ব্যবস্থা থাকবে। মাঠের ভিতরে খেলোয়াড়দের জন্য প্রতি অর্ধে বাধ্যতামূলক জলপান বিরতি। বেঞ্চেও থাকছে তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্যবস্থা।
তবু সমর্থকদের সংগঠনগুলির আপত্তি থামেনি। এক মুখপাত্রের বক্তব্য, 'আবারও সমর্থকদের কথা সবার শেষে ভাবা হচ্ছে। গরম এবং আর্দ্রতা নিয়ে উদ্বেগ প্রধান বিষয় হওয়া উচিত ছিল, বোতলজাত জল বিক্রির সুযোগ নয়।'

