দ্য ওয়াল ব্যুরো: দিন দুয়েক আগেই গোশালায় গিয়ে নিষ্ঠাভরে সেবা করে ভক্তদের কাছ থেকে 'সংস্কারি' তকমা পেয়েছিলেন। কিন্তু তার আটচল্লিশ ঘণ্টা পেরতে না পেরতেই সম্পূর্ণ ভিন্ন এক কারণে তুমুল বিতর্কে জড়ালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande)। এবার মাথায় হিজাব তোলার কারণে সোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।
স্বামী ভিকি জৈনের সঙ্গে বিভিন্ন রিয়ালিটি শোয়ের দৌলতে অঙ্কিতার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। আর সেই কারণেই এই তারকাদম্পতির প্রতিটি গতিবিধি যে সবসময় নেটভুবনের আতশকাচে থাকে, তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল।
বর্তমানে ভিকি ও অঙ্কিতাকে জনপ্রিয় রিয়ালিটি শো 'লাফটার শেফ সিজন ৩'-এ একসঙ্গে দেখা যাচ্ছে, যেখানে তাঁদের অনস্ক্রিন রসায়ন ও খুনসুঁটি দর্শকেরা বেশ পছন্দ করছেন। সম্প্রতি কাজের ফাঁকে অবসর মেলাতেই এই দম্পতি পৌঁছে গিয়েছিলেন বেঙ্গালুরুর শ্রী শ্রী শঙ্কর গোশালায়। সেখানে গিয়ে রীতিমতো নিষ্ঠাভরে গো-সেবা করেন তাঁরা। অঙ্কিতা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে গোবর পরিষ্কার করতে এবং গোমাতাকে আদর করে খাওয়াতে দেখা যায়। এই ভিডিওগুলি দেখেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভক্তরা অঙ্কিতাকে 'সংস্কারি' বলে অভিহিত করেছিলেন।
বিতর্কের সূত্রপাত অবশ্য এরপরই। সম্প্রতি স্বামী ভিকির সঙ্গে আবু ধাবিতে ঘুরতে গিয়েছেন অঙ্কিতা। সেখান থেকেই একগুচ্ছ রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, 'আমার গ্যালারি থেকে আবু ধাবির প্রতি একটুকরো ভালোবাসা। ঘুরে দেখা, হাসাহাসি আর অনেক স্মৃতি।' কিন্তু সেই ছবিগুলিতে অঙ্কিতার মাথায় হিজাব দেখেই চটে যান নিন্দুকেরা। সোশাল পাড়ায় মুহূর্তের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, 'অঙ্কিতা কি ইসলাম ধর্মাবলম্বী? হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?'
অঙ্কিতার এই পোস্টকে কেন্দ্র করে নেটদুনিয়া এখন দু'ভাগে বিভক্ত। একাংশ যেমন অঙ্কিতার এই পোশাকের মধ্যে 'সর্বধর্ম সমন্বয়'-এর সুন্দর বার্তা খুঁজে পেয়েছেন, তেমনই অন্য অংশ মুসলিমদের রীতি মেনে মাথায় হিজাব তোলায় অভিনেত্রীর ওপর বেজায় চটেছেন। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগড়ে দিয়েছেন তাঁদের ক্ষোভ। কেউ মন্তব্য করেছেন, 'আপনি তো পবিত্র রিশতার কথা ভুলে যাননি, তাই না? লজ্জাজনক, ছিঃ!' আবার কারও প্রশ্ন, 'এই তো দু'দিন আগে গোশালায় গেলেন, এবার কি বকরি ঈদে কুরবানি দিলেন?' ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে, জনৈক অনুরাগী সরাসরি লেখেন, 'এসব দেখে আপনাকে আনফলো করছি।' হিজাব বিতর্ক নিয়ে সোশাল মিডিয়ায় ক্রমাগত জলঘোলা হলেও, অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি।

