Dailyhunt
GT vs DC: দিল্লির নজরে কোটলায় জয়ের হ্যাটট্রিক, গিলের প্রত্যাবর্তনে হতাশা ভুলে চনমনে গুজরাত

GT vs DC: দিল্লির নজরে কোটলায় জয়ের হ্যাটট্রিক, গিলের প্রত্যাবর্তনে হতাশা ভুলে চনমনে গুজরাত

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: 'কোটলাকে দুর্গ বানাও'—দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ম্যাচের আগের দিন এই ডাক দিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েছে দল। লখনউ, মুম্বই—পরপর দুটো জয়। এবার তৃতীয় সাফল্যের খোঁজে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স ( Gujarat Titans )।

ম্যাচ শুরু রাত সাড়ে সাতটায়, অরুণ জেটলি স্টেডিয়ামে।

গলার পেশিতে টান পড়েছিল। যে কারণে রাজস্থানের বিরুদ্ধে খেলেননি শুভমান গিলকে (Shubman Gill)। সেই ম্যাচে টাইটান্সের মিডল অর্ডার ২১১ রানের লক্ষ্যতাড়া করতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল।

আজ গিল ফিরছেন। গতরাতে নেটে নামলেন। মহম্মদ সিরাজদের বল সামলালেন, ব্যাটিং করলেন স্বচ্ছন্দে। কোনও অহেতুক তাড়াহুড়ো নেই—শুধু সময়মতো শট, শান্ত মেজাজ। সাই সুদর্শন ইতিমধ্যে নিশ্চিত করেছেন, অধিনায়ক খেলবেন!

পাশাপাশি নজর ছিল ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) উপর। ৪০ মিনিট নেটে কাটালেন। প্রসিদ্ধ কৃষ্ণ, রশিদ খানের বিরুদ্ধে শুরুতে একটু থতমত। পরে ছন্দে ফিরলেন। রাহুল তেওয়াটিয়াও সময় দিলেন। মিডল অর্ডার নিয়ে চিন্তা এখনও কাটেনি গুজরাতের।

দিল্লি ক্যাপিটালস পরীক্ষিত ও সফল প্রথম একাদশে হাত দিতে নারাজ। বোলিং কোচ মুনাফ প্যাটেল (Munaf Patel) জানিয়ে দিয়েছেন, সমীর রিজভি (Sameer Rizvi) ইমপ্যাক্ট সাব হিসেবে স্কোয়াডে থাকবেন। পরিস্থিতি বুঝলে অশুতোষ শর্মা বা অকিব নাবিকেও জায়গা দেওয়া হতে পারে।

পেস ইউনিটের স্তম্ভ মিচেল স্টার্ক (Mitchell Starc) এখনও অস্ট্রেলিয়ায়। চোট সারছে। মুনাফের মন্তব্য, 'এখন পর্যন্ত ফলাফল ভাল, তাই অভাব বোঝা যাচ্ছে না। কিন্তু স্টার্ক বিশ্বমানের বোলার। বুমরাহর সঙ্গেই তুলনা চলে। ফিরলে দলের শক্তি অনেক বাড়বে।'

বাকি সদস্যদের মধ্যে কেএল রাহুল (KL Rahul) নেটে আগ্রাসী। আগের দুই ম্যাচে শূন্য ও এক রান—ব্যর্থতা ভুলতে মরিয়া। নীতীশ রানাও (Nitish Rana) বিশেষ সেশনে সময় কাটালেন।

মুম্বইয়ের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছিল, তাতে বোলারদের জন্য সুবিধা ছিল। আজকের পিচেও সামান্য সবুজ আভা। বোলাররা কিছুটা সাহায্য পেলেও পেতে পারেন। গোড়ায় বৃষ্টির আশঙ্কা ছিল। রাতে বৃষ্টি পড়েছে। তবে ম্যাচ চলাকালীন আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস। বর্ষণের সম্ভাবনা খুব একটা নেই।

গুজরাতের সম্ভাব্য পরিবর্তন—কুমার কুশাগরের বদলে শুভমান গিল। কাগিসো রাবাডার জায়গায় জেসন হোল্ডার আসতে পারেন, মিডল অর্ডারকে শক্ত করতে। রশিদ খান (Rashid Khan) এখনও সেরা ফর্মে নেই—ছন্দ ফিরলে গুজরাতের জয়ের সুযোগ বাড়বে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall