দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার দর্শকদের ড্রয়িংরুমের অত্যন্ত চেনা ও পছন্দের ধারাবাহিক 'পরিণীতা' (Zee Bangla Parineeta) দেখতে দেখতে ছুঁয়ে ফেলল এক বড় মাইলফলক। দেখতে দেখতে সাফল্যের সঙ্গে ৬০০ পর্ব পার করে ফেলল জি বাংলার এই মেগা (Parineeta Serial 600 Episodes)। পথচলার প্রথম দিন থেকেই টিআরপি (Parineeta Serial TRP) তালিকায় দুর্দান্ত ফল করে আসছে এই ধারাবাহিক।
সপ্তাহের পর সপ্তাহ টিআরপি টপারের মুকুট উঠেছে এই মেগার মাথায়।
পর্দায় পারুল আর রায়ানের টক-ঝাল-মিষ্টি রসায়ন যে বাঙালি দর্শকের মন কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই গ্র্যান্ড সাকসেস উদযাপনে বুধবার ধারাবাহিকের সেটে বসেছিল চাঁদের হাট। ছিল দেদার খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন (Parineeta Serial 600 Episodes Celebration menu)। সেখানে উপস্থিত ছিল দ্য ওয়াল-ও।
কী ছিল ৬০০ পর্বের রাজকীয় মেনুতে?
ধারাবাহিকের ৬০০ পর্বপূর্তির এই বিশেষ দিনটিকে আরও স্পেশাল করে তুলতে সেটে আয়োজন করা হয়েছিল রসনাতৃপ্তির এক এলাহি ভোজের। এদিনের মেনু কার্ড দেখলে যে কারও জিভে জল আসতে বাধ্য। পাত পেড়ে খাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল ধোঁয়া ওঠা গরম ভাত, সুগন্ধি পোলাও, সাবেকি শুক্তো, মুচমুচে ফিশ ফ্রাই এবং নিরামিষাশীদের জন্য জিভে জল আনা ছানার কোফতা। তবে আসল আকর্ষণ ছিল অবশ্যই মাটন। শেষ পাতে চাটনি এবং মিষ্টি।
ট্রোলের জবাব দিয়ে রাজত্ব পারুল-রায়ানের, ফিরে দেখা ফ্ল্যাশব্যাকে
২০২৪ সালের নভেম্বর মাসে পথচলা শুরু হয়েছিল 'পরিণীতা'র। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি দুর্গাপুরের মেয়ে ঈশানী চট্টোপাধ্যায়ের (Ishani Chatterjee)। পারুলের চরিত্রে তিনি আজ ঘরে ঘরে জনপ্রিয়। অথচ ছোটবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা ঈশানী কলকাতায় এসেছিলেন মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে। কলকাতায় এসে হাতখরচ জোগাতে শুরু করেন মডেলিং, আর সেখান থেকেই ভাগ্যবদল। জি বাংলার অডিশনে ডাক পেয়ে এক চান্সেই বাজিমাত।
যদিও শুরুর দিকে ঈশানীকে তাঁর গায়ের রং নিয়ে নেটপাড়ায় কম ট্রোলের মুখে পড়তে হয়নি। অন্যদিকে, এতদিন ধরে ছোটপর্দায় পার্শ্বচরিত্রে অভিনয় করা উদয় প্রতাপ সিংকে (Uday Pratap Singh) আচমকা রায়ানের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখে রে রে করে উঠেছিলেন নিন্দুকেরা। তবে সমস্ত সমালোচনা ও ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের অনবদ্য অভিনয় আর আত্মবিশ্বাসের জোরে অচিরেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নেন উদয় ও ঈশানী।
গল্পে নতুন মোড়, মা হতে চলেছে পারুল
কলকাতায় পড়তে আসা এক লড়াকু মফস্বলি মেয়ে পারুল এবং কলকাতার আধুনিক ঘরের ছেলে রায়ানের মধ্যেকার অম্ল-মধুর সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং তাদের বৈবাহিক জীবনের টানাপড়েন নিয়েই ধারাবাহিকের গল্প এগোচ্ছে। বর্তমানে গল্পে এসেছে এক দুর্দান্ত মোড়। পারুল ও রায়ানের মনে একে অপরের প্রতি গভীর ভালবাসা থাকলেও, অহংকারের লড়াইয়ে মুখ ফুটে তা কেউ স্বীকার করতে নারাজ। এর মধ্যেই পারুল রায়ানের সন্তানের মা হতে চলেছে। কিন্তু একরোখা পারুল নিজের সন্তানকে রায়ানের বাবার অধিকার দিতে সম্পূর্ণ অনড়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের তৈরি হয়েছে তীব্র অশান্তি। চিত্রনাট্য অনুযায়ী, আগামী দিনে পারুল ও রায়ানের জীবনকে ওলটপালট করতে গল্পে আরও একাধিক টানটান টুইস্ট আসতে চলেছে।
বন্ধ থাকছে টিআরপি রেটিং, তবে লড়াই জারি
তবে 'পরিণীতা' প্রেমীদের জন্য একটি বড় আপডেট হলো, আগামী কয়েক সপ্তাহ কিন্তু কোনও অফিশিয়াল টিআরপি রেটিং সামনে আসবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ নির্দেশিকায় এবং নতুন টিআরপি নীতি কার্যকর হওয়ার কারণে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) অনির্দিষ্টকালের জন্য সমস্ত টেলিভিশন রেটিং প্রকাশ স্থগিত রেখেছে। রেটিংয়ের খাতা সাময়িকভাবে বন্ধ থাকলেও, পর্দার পেছনে দর্শকদের সেরা বিনোদন উপহার দিতে এবং নিজেদের এক নম্বর জায়গা ধরে রাখতে বিন্দুমাত্র খামতি রাখছে না 'পরিণীতা' টিম।

