দ্য ওয়াল ব্যুরো: সাত সমুদ্র পাড়ে থাকলেও প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) মন জুড়ে এখনও ভারত। তবে আশ্চর্যের বিষয় হল, প্রিয়াঙ্কার থেকেও তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) ভারতীয় আচার-রীতি এবং পুজোপাঠ পালনে বেশি উৎসাহী। যেকোনো শুভ কাজের আগে নিক পুজোর জন্য জোরাজুরি করেন এবং মার্কিন মুলুকের বাড়িতে লক্ষ্মীপুজো, শিবরাত্রি ও গণেশ চতুর্থী বেশ নিয়ম মেনেই পালন করেন এই দম্পতি।
এমনকী অযোধ্যার রামমন্দিরে এসেও পুজো দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাঁর ব্যাগের ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকা শেয়ার করেছেন। সেখানে মেকআপ বক্সের পাশাপাশি ঠাঁই পেয়েছে 'হনুমান চালিশা'। কেন তিনি হাতে কালো সুতো পরেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, একে ভারতে 'নজর বাট্টু' বলা হয় যা কুনজর থেকে রক্ষা করে। নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই বিশ্বাসটুকু বজায় রাখলে কোনো সমস্যা দেখেন না তিনি।
প্রিয়াঙ্কার ব্যাগে আধ্যাত্মিক জিনিসের পাশাপাশি থাকে আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী। নিকের সঙ্গে শুরুর দিনগুলোর একটি ছবি। পারফিউম, হেয়ার স্প্রে এবং সানগ্লাস। পোশাকের দাগ তোলার জন্য একটি 'টাইড পেন'।
প্রিয়াঙ্কা বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। কিছুদিন আগে বারাণসিতে শুটিংয়ের ফাঁকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সাধারণ মানুষের মতো মেঝেতে বসে বাসন মাজতে দেখা গিয়েছিল তাঁকে। এখন নিজের মেয়ে মালতী মেরি জোনাসকেও ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি।

