- দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউস চত্বরে কানফাটানো গুলির আওয়াজ। ভেতরে তখন সাংবাদিক বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাঝপথেই ব্রিফিং রুমে ঢুকে পড়েন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। সরিয়ে নিয়ে যাওয়ার হয় ট্রাম্পকে। সূত্রের খবর, রোজকার মতোই সাংবাদিক বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস চত্বরে কড়া নিরাপত্তাও ছিল। আচমকাই বন্দুক হাতে এক ব্যক্তি ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। সূত্রের খবর, অজ্ঞাতপরিচয় ওই বন্দুকবাজ গুলিতে আহত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে টুইট করে সিক্রেট সার্ভিস জানায়, ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউতে গুলি চলেছে এটা নিশ্চিত।
সিক্রেট সার্ভিসের বক্তব্য, এই গুলি চালানোর ঘটনায় কোনও অফিসারই জড়িত রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। হোয়াইট হাউস চত্বরে বিক্ষোভ, গুলি চালানোর ঘটনা নতুন নয়। জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে যখন বিক্ষোভ-অশান্তি ছড়িয়ে পড়েছিল গোটা আমেরিকা জুড়ে, তখন বিক্ষোভকারীরা পৌঁছে গিয়েছিলেন হোয়াইট হাউসের দোরগোড়া পর্যন্ত। সারারাত বিক্ষোভকারীরা মিছিল করে প্রতিবাদের ঝড় তুলেছিল হোয়াইট হাউসের সামনে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে সরিয়ে নিয়ে গিয়েছিলেন নিরাপত্তারক্ষী ও গোয়েন্দারা। ঘণ্টাখানেকের জন্য বাঙ্কারে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

