Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইন্দোনেশিয়ায় মোদীর অভ্যর্থনায় মার্কিন F-16 ও রুশ সুখোই! জাকার্তার আকাশে জোট বাঁধল ২ 'প্রতিদ্বন্দ্বী'

ইন্দোনেশিয়ায় মোদীর অভ্যর্থনায় মার্কিন F-16 ও রুশ সুখোই! জাকার্তার আকাশে জোট বাঁধল ২ 'প্রতিদ্বন্দ্বী'

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: নীল আকাশ চিরে এগিয়ে চলেছে ভারতের প্রধানমন্ত্রীর বিমান, আর তার দু'পাশে ডানা মেলে পাহারা দিচ্ছে ইন্দোনেশিয়া (Indonesia) বায়ুসেনার দুটি অত্যাধুনিক ফাইটার জেট! জাকার্তায় পা রাখার আগেই ইন্দোনেশিয়ার আকাশসীমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) এভাবেই এক রাজকীয় ও উষ্ণ অভ্যর্থনা জানানো হল।

ইন্দোনেশীয় বায়ুসেনার একটি মার্কিন প্রযুক্তির 'এফ-১৬' (F-16) এবং একটি রুশ প্রযুক্তির 'সুখোই-৩০' (Sukhoi-30) যুদ্ধবিমান মাঝআকাশেই প্রধানমন্ত্রীর বিমানের সঙ্গে যোগ দেয় এবং সেটিকে এসকর্ট করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়।

কূটনৈতিক মহলের মতে, মাঝআকাশের এই দৃশ্য যেমন মনোরম, তেমনই তাৎপর্যপূর্ণ। কারণ যে দুটি ফাইটার জেট মোদীর বিমানকে স্বাগত জানাল, তাদের উৎস সম্পূর্ণ ভিন্ন। এফ-১৬ হল আমেরিকার তৈরি একটি অত্যন্ত চটপটে, এক ইঞ্জিনের যুদ্ধবিমান, যা দশকের পর দশক ধরে বিশ্বের বহু দেশ ব্যবহার করছে। অন্যদিকে, সুখোই-৩০ হল রাশিয়ার তৈরি এক বিশাল, দুই আসন ও জোড়া ইঞ্জিনের ফাইটার জেট। শীতল যুদ্ধের সময় রাশিয়া ও আমেরিকা ছিল চরম প্রতিদ্বন্দ্বী, আর আজ সেই দুই দেশের যুদ্ধবিমানই ইন্দোনেশিয়ার আকাশে একযোগে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল। কাকতালীয়ভাবে, ভারতের বায়ুসেনার কাছেও এই সুখোই-৩০ বিমানের নিজস্ব সংস্করণ (Sukhoi-30MKI) রয়েছে।

জাকার্তায় নামার পরই সোশ্যাল মিডিয়ায় 'এক্স'-এ (টুইটার) নিজের ভাললাগার কথা শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "বিমানবন্দরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর এই বিশেষ অভ্যর্থনায় আমি আপ্লুত।" দুই দেশের সম্পর্ক নিয়ে মোদী জানান, ২০১৮ সালে ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক অনেক উন্নীত হয়েছে, যা দুই দেশের মানুষেরই উপকার করেছে। এই সফরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত ও গতিশীল করার লক্ষ্য রয়েছে তাঁর।

রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার পাশাপাশি এই সফরে থাকছে সংস্কৃতির ছোঁয়াও। প্রধানমন্ত্রী জানান, তিনি ও প্রেসিডেন্ট সুবিয়ান্তো একসঙ্গে যোগকার্তার বিখ্যাত 'প্রাম্বানান মন্দির' চত্বর পরিদর্শনে যাবেন। এর ফলে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও গভীর হবে। এছাড়া ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি কথা বলবেন।

প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক এখন বেশ মজবুত। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে অত্যাধুনিক 'ব্রহ্মোস' ক্রুজ মিসাইল সিস্টেম কেনার চুক্তি সম্পন্ন করেছে। এর আগে ২০২২ সালে প্রায় ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি করে ফিলিপাইন প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকে এই মিসাইল সিস্টেম কিনেছিল। প্রধানমন্ত্রীর এই সফরের হাত ধরে দুই দেশের প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক যে আরও একধাপ এগিয়ে যাবে, তা বলাই বাহুল্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall