Dailyhunt
IPL 2026: ২৫ কোটির গ্রিন তিন নম্বরে খেলার যোগ্যই নন! কড়া সমালোচনায় পিটারসেন

IPL 2026: ২৫ কোটির গ্রিন তিন নম্বরে খেলার যোগ্যই নন! কড়া সমালোচনায় পিটারসেন

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: তিন ম্যাচে ২৪ রান। একটি বলও করেননি। আর এবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধুয়ে যাওয়া ম্যাচে মাত্র দুই বলে চার রান করে আউট। ক্যামেরন গ্রিনের (Cameron Green) ধারাবাহিক ব্যর্থতা নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন (Kevin Pietersen)। কড়া ভাষায়, এতটুকু ভণিতা না করে।

'তিন নম্বরে খেলার যোগ্য নন'

জিওস্টারে কথা বলতে গিয়ে পিটারসেন বলেন, 'টাকার কথায় যাচ্ছি না। কিন্তু ও তিন নম্বরে ব্যাট করার মতো যোগ্য নয়। বল করছে না। ওয়ান ডাউনের দায়িত্ব নিয়ে নামছে। আসলে ক্যামেরন মিডল অর্ডার ব্যাটার, সামান্য বল করে—এটুকুই!'

কথাটা ধারালো, সন্দেহ নেই। কিন্তু সংখ্যা বিচার করলে মিথ্যে বলেননি পিটারসেন। তিন ম্যাচে গ্রিন দুবার তিন নম্বরে, একবার চার নম্বরে খেলেছেন। ফলাফল তথৈবচ। আন্তর্জাতিক টি-২০-তেও এই মরসুমে ৭ ম্যাচে ১১৭ রান, হাত ঘুরিয়েছেন মাত্র ৭.১ ওভার। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কেনা খেলোয়াড় আসলে কতটা টি-২০ বিশেষজ্ঞ, সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে উঠছে।

বাঙ্গারের বক্তব্য

একই আলোচনায় সামিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। আরও স্পষ্ট ভাষায় জানালেন, রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) আর ক্যামেরন গ্রিন—দুজনের কেউই 'পরীক্ষিত টি-২০ বিশেষজ্ঞ' নন। আইপিএলে বিদেশি খেলোয়াড়ের জায়গা মাত্র চারটে। সেখানে অভিজ্ঞ না হলে সিট ধরে রাখা কঠিন। বাঙ্গারের মতে, গ্রিন যদি বল না করেন, তাহলে শুধু ব্যাটার হিসেবে তিনি বিদেশি কোটায় জায়গা পেতে পারেন না। কারণ তখন তুলনায় রোভম্যান পাওয়েল (Rovman Powell) অনেক বেশি কার্যকর। পাওয়েল সত্যিকারের টি-২০ বিশেষজ্ঞ। নির্দিষ্ট কাজ করেন, করতে জানেন। সঞ্জয় বাঙ্গারের সিদ্ধান্ত পরিষ্কার—গ্রিন যদি বল করতে না পারেন, পাওয়েলকে রাখাই বুদ্ধিমানের কাজ।

কেকেআরের সামনে এখন কী?

গ্রিনের বোলিং নিয়ে শুরুতে বাধা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। মুখ্যত, সাতাশের বিশ্বকাপকে মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে সামনে টেনে অজি তারকা যাতে শুধু ব্যাটিংই করেন—স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। সে বাধা সরার কথা ছিল ৯ এপ্রিলের আশপাশে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে বল ছাড়া শুধু ব্যাটার হিসেবেও তিনি আস্থা জোগাতে পারছেন না। কেকেআরের (Kolkata Knight Riders) বিকল্পের তালিকায় রয়েছেন রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট (Tim Seifert) ও রোভম্যান পাওয়েল। ইতিমধ্যে পাঞ্জাব ম্যাচে পাওয়েলকে দলে নেওয়া হয়েছে।

ক্যামেরন গ্রিনের দাম ২৫ কোটির বেশি। কিন্তু আর্থিক অঙ্ক দিয়ে তো টি-২০-তে সাফল্য আসে না—এটা আইপিএল বারবার শিখিয়ে দিয়েছে। কেকেআর আপাতত সেই আয়নার মুখোমুখি দাঁড়িয়ে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall