Dailyhunt
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

THE WALL 2 days ago

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল অভিষেক, আর প্রথম ওভারেই তিন উইকেট। প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge) ঠিক এই কাজটাই করলেন। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচে নতুন বল হাতে নেমে দ্বিতীয় বলেই ফেরান বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)।

চতুর্থ বলে ধ্রুব জুরেল। ওভারের শেষ বলে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। এক ওভারেই তিন ধাক্কা। রাজস্থানের টপ অর্ডার ভেঙে পড়ে শুরুতেই।

থামেননি, দ্বিতীয় ওভারেও বড় শিকার

প্রথম ওভারের ধাক্কা সামলে ওঠার আগেই আবার আঘাত। দ্বিতীয় ওভারে এসে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগকেও ফিরিয়ে দেন হিঙ্গে। ফলে পাওয়ারপ্লের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় হায়দরাবাদের হাতে। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে এই ধরনের স্পেল খুব কমই দেখা যায়। চার উইকেট তুলে নিয়ে তিনি একাই ম্যাচের চেহারা বদলে দেন।

কে এই প্রফুল্ল হিঙ্গে? ঘরোয়া ক্রিকেটেই তৈরি ভিত্তি

২৪ বছরের এই পেসার বিদর্ভের ক্রিকেটার। ডানহাতি সিমার হিসেবে মূলত লাল বলের ক্রিকেটেই নিজের নাম তৈরি করেছেন। এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭ উইকেট। গড় ২৬.৭। লিস্ট এ ক্রিকেটে ছয় ম্যাচে পাঁচ উইকেট। টি-২০ অভিজ্ঞতা সীমিত হলেও, নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য পরিচিত। আগে একটি টি-২০ ম্যাচে উমেশ যাদবের সঙ্গে নতুন বল হাতে নেমে ৪ ওভারে ১/২৩ করেছিলেন।

আইপিএলে সুযোগ, ৩০ লক্ষে দলে নিয়েছিল হায়দরাবাদ

আইপিএল ২০২৬ নিলামে ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় হায়দরাবাদ। মূলত ব্যাক-আপ পেসার হিসেবে রাখা হয়েছিল। দলের বোলিং বিভাগে ধারাবাহিকতার অভাব থাকায় সুযোগ আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি ম্যাচে প্রভাব ফেললেন। নতুন বলে আক্রমণাত্মক লাইন-লেংথ, আর ব্যাটারদের চাপে ফেলার ক্ষমতাই ছিল তাঁর বড় শক্তি।

ব্যাটে কিষাণ, বলে হিঙ্গে—হায়দরাবাদের পূর্ণ নিয়ন্ত্রণ

এই ম্যাচে আগে ব্যাট করে বড় স্কোর তোলে হায়দরাবাদ। অধিনায়ক ঈশান কিষাণ (Ishan Kishan) ৪৪ বলে ৯১ রান করেন। সঙ্গে হাইনরিখ ক্লাসেন ৪০। শেষ দিকে নীতীশ রেড্ডি ও সলিল অরোরা দ্রুত রান যোগ করেন। দল পৌঁছে যায় ২১৬/৬-এ। এই বড় স্কোরের ওপর ভর করে বোলিংয়ে শুরুতেই ধাক্কা দেন হিঙ্গে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হায়দরাবাদের হাতে চলে যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall