- দ্য ওয়াল ব্যুরো: 'জনতা কার্ফু'-র রবিবারে কলকাতায় মেট্রো পরিষেবা সচল থাকবে। নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে ১২৪টি মেট্রোর বদলে চলবে ৫৪টি ট্রেন। ৩০ মিনিট অন্তর চলবে মেট্রো। এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ৫০টির বদলে ৩৪টি মেট্রো চলবে রবিবার। এই মেট্রোগুলিও চলবে ৩০ মিনিট অন্তর। অন্যদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। করোনা মোকাবিলায় রবিবার ২২ মার্চ 'জনতা কার্ফু'-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যাতে কেউ বাড়ি থেকে না বেরোন সেজন্য জনতার দরবারে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিকেল ৫টায় ৫ মিনিটের জন্য করোনা মোকাবিলায় যেসমস্ত কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছেন তাঁদের নিরলস পরিশ্রমের জন্য সেইসব কর্মীদের ধন্যবাদ জানানোর কথাও বলেছেন মোদী।

