Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জন্মশতবর্ষে শহরজুড়ে মহানায়ক! ২০ ফুটের মূর্তি থেকে রবীন্দ্র সদন, চার দিনে ফিরছেন উত্তম কুমার

জন্মশতবর্ষে শহরজুড়ে মহানায়ক! ২০ ফুটের মূর্তি থেকে রবীন্দ্র সদন, চার দিনে ফিরছেন উত্তম কুমার

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: পর্দা থেকে শহরের রাস্তায়, স্মৃতি থেকে উদ্‌যাপনে, আবারও যেন ফিরে আসছেন মহানায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর জায়গা যে শুধুই একজন অভিনেতার নয়, বরং কয়েক প্রজন্মের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক সাংস্কৃতিক অধ্যায়ের, জন্মশতবর্ষে (Uttam Kumar Birth Centenary) সেই কথাই নতুন করে মনে করিয়ে দিতে চলেছে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ।

উত্তম কুমারকে ঘিরে চার দিনব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে তাঁর ছবি প্রদর্শন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রদর্শনী, আর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিজলী সিনেমার সামনে উন্মোচিত হতে চলেছে মহানায়কের ২০ ফুটের বিশাল মূর্তি।

গতকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর অনুষ্ঠানকে ঘিরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে আসে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের নানা পরিকল্পনা।

তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, বিজলী সিনেমার সামনে উন্মোচন করা হবে উত্তম কুমারের ২০ ফুটের মূর্তি। শুধু মূর্তি উন্মোচনেই শেষ নয় আয়োজন। মহানায়কের সিনেমা, অভিনয় এবং তাঁর সঙ্গে বাঙালির দীর্ঘ সম্পর্ককে ঘিরে সাজানো হয়েছে একাধিক অনুষ্ঠান। উদ্দেশ্য একটাই, উত্তম কুমারকে শুধু চলচ্চিত্রের মানুষের মধ্যে আটকে না রেখে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ৪ দিন ধরে চলবে এই বিশেষ আয়োজন। বিভিন্ন প্রেক্ষাগৃহ এবং সাংস্কৃতিক মঞ্চে দেখানো হবে তাঁর অভিনীত ছবি। আলোচনায় উঠে আসবে তাঁর অভিনয়জীবন, সমকালীন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বাংলা সিনেমায় তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব। মহানায়ককে নিয়ে আলোচনায় থাকবেন চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট শিল্পীও।

৫ তারিখে নন্দনে চলবে 'নায়ক'। পাশাপাশি রাধা স্টুডিওতেও প্রদর্শিত হবে উত্তম কুমারের একাধিক ছবি। শুধু তাঁর অভিনীত সিনেমা দেখানো নয়, তাঁকে ঘিরে থাকবে নানা আলোচনা। বিশেষ করে নায়িকাদের চোখে উত্তম কুমারকে কীভাবে দেখা যায়, সেই দৃষ্টিভঙ্গিও উঠে আসবে আলোচনায়। অর্থাৎ যে উত্তম কুমারকে দর্শক পর্দায় দেখেছেন, তাঁর অন্য এক পরিচয় এবং ব্যক্তিত্বকে সামনে আনারও চেষ্টা থাকবে এই আয়োজনে।

পরের দিন, ৬ তারিখে রবীন্দ্র সদনে বসবে আরও বড় আসর। মহানায়কের গান, তাঁকে নিয়ে আলোচনা এবং নাচের অনুষ্ঠানে সাজবে সেই সন্ধ্যা। উত্তম কুমারকে উদ্দেশ্য করে সেই রাতটি কাটানোর পরিকল্পনা রয়েছে শিল্পী ও সংস্কৃতিমহলের। তাঁর অভিনীত ছবির গান থেকে শুরু করে তাঁকে ঘিরে তৈরি হওয়া অসংখ্য স্মৃতি, সবকিছুকেই ছুঁয়ে যাবে এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ 'মহানায়ক: A Superstar Journey' নামে বিশেষ প্রদর্শনী। উত্তম কুমারের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর প্রভাবকে বিভিন্নভাবে তুলে ধরা হবে সেখানে। শুধু প্রেক্ষাগৃহের ভিতরেই নয়, শহরের বিভিন্ন জায়গাতেও মহানায়কের জন্মশতবর্ষের ছাপ দেখা যাবে। হোর্ডিং, ল্যাম্পপোস্ট, বাসস্ট্যান্ড থেকে শুরু করে LED ভ্যান, বিভিন্ন মাধ্যমে কলকাতার মানুষের সামনে ফিরে আসবে উত্তম কুমারের ছবি এবং তাঁর স্মৃতি।

এই উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে জিৎ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, উত্তম কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ শুধু অভিনয় জগতের জন্য নয়, সকলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ উত্তম কুমার যে কতটা মহান, তা নতুন প্রজন্ম এবং আগামী দিনের দর্শকদেরও জানানো প্রয়োজন। তাই চার দিন ধরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান সকলকে উপভোগ করার আহ্বানও জানিয়েছেন অভিনেতা।

একইসঙ্গে এই আয়োজনের মধ্যে দিয়ে উত্তম কুমারকে ঘিরে পুরনো কলকাতার স্মৃতিও যেন নতুন করে জেগে উঠবে। যে শহরের রাস্তায় একদিন মহানায়কের পোস্টার দেখে মানুষ হলমুখী হতেন, যে প্রেক্ষাগৃহে তাঁর ছবি মুক্তি মানেই ছিল উৎসব, সেই শহরেই এবার তাঁর জন্মশতবর্ষে ফের তৈরি হচ্ছে এক অন্য আবহ। তবে সময় বদলেছে, দর্শকের রুচি বদলেছে, সিনেমা দেখার মাধ্যমও বদলেছে। তার মধ্যেও উত্তম কুমারের নাম কি একইভাবে প্রাসঙ্গিক?

হয়তো সেই প্রশ্নের উত্তরই খুঁজবে এই চার দিনের আয়োজন। ২০ ফুটের মূর্তি, পর্দায় ফিরে আসা তাঁর ছবি, গান-নাচ-আলোচনা আর শহরজুড়ে তাঁর উপস্থিতি, সব মিলিয়ে জন্মশতবর্ষে মহানায়ককে কি শুধু স্মরণ করা হবে, নাকি নতুন প্রজন্মের কাছেও আবার প্রমাণিত হবে, উত্তম কুমার কেন আজও শুধুই একজন তারকা নন, বাঙালির কাছে তিনি নিজেই একটি যুগ?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall