দ্য ওয়াল ব্যুরো: চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পাওয়ার পর ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে দেশের আর্থিক সাফল্য তুলে ধরার পাশাপাশি নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) তীব্র কটাক্ষ করেছেন তিনি।
মোদীর ব্যবহৃত 'ঝুট কি গুঞ্জ' (Jhooth ki Goonj) বা 'মিথ্যার প্রতিধ্বনি' শব্দবন্ধটি যে রাহুলের সাম্প্রতিক 'ছাত্রোঁ কি গুঞ্জ' কর্মসূচিকে লক্ষ্য করেই বলা, তা নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ সংশয় নেই।
ভিডিও বার্তায় মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাতের মধ্যেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। অথচ দেশের মধ্যে কিছু মানুষ হতাশায় ডুবে থেকে চারদিকে 'ঝুট কি গুঞ্জ' ছড়ানোর চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর কথায়, 'এই সমস্ত বাধা অতিক্রম করে, সব চ্যালেঞ্জ ভেঙে দেশ ৭.৮ শতাংশ বৃদ্ধির হার অর্জন করেছে। এই গতি আমাদের ধরে রাখতে হবে।'
'ছাত্রোঁ কি গুঞ্জ'-এর জবাব?
রাহুল গান্ধী সম্প্রতি 'ছাত্রোঁ কি গুঞ্জ' নামে একটি ছাত্রসংযোগ কর্মসূচি শুরু করেছেন। সেখানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, শিক্ষাব্যবস্থার সমস্যা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তিনি।
সেই 'গুঞ্জ' শব্দটিই ধার করে মোদী 'ঝুট কি গুঞ্জ' বলেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অর্থাৎ রাহুল ছাত্রদের সমস্যার কথা তুলে ধরার দাবি করলেও প্রধানমন্ত্রী সেটিকে কার্যত মিথ্যা ও হতাশা ছড়ানোর রাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন। মোদী অবশ্য তাঁর বক্তব্যে রাহুল বা কংগ্রেসের নাম উচ্চারণ করেননি। কিন্তু শব্দের প্রয়োগ এবং রাজনৈতিক প্রেক্ষাপট তাঁর আক্রমণের লক্ষ্য বুঝিয়ে দিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-২৭ আর্থিক বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি ৭.৮ শতাংশ বেড়েছে। আগের আর্থিক বছরের একই সময়ে বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। নমিনাল জিডিপি বৃদ্ধি পেয়েছে ১০.৩ শতাংশ।
এই পরিসংখ্যানকে বিরোধীদের সমালোচনার জবাব হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সরকারের নীতি সঠিক, উদ্দেশ্য পরিষ্কার এবং ১৪০ কোটি ভারতীয়ের সম্মিলিত শক্তি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
এর পাশাপাশি স্বদেশি পণ্য ব্যবহারের উপরেও জোর দিয়েছেন মোদী। বিদেশে ছুটি কাটানো, বিদেশে বিয়ের অনুষ্ঠান এবং প্রয়োজন ছাড়া সোনা কেনা এড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের অর্থ দেশের মধ্যেই ব্যয় হলে আত্মনির্ভর ভারত এবং উন্নত ভারতের লক্ষ্য অর্জন আরও সহজ হবে।
তবে ভিডিও বার্তার সবচেয়ে রাজনৈতিক অংশ হয়ে উঠেছে ওই 'ঝুট কি গুঞ্জ'। নাম না নিয়েও রাহুল গান্ধীর কর্মসূচির নাম ঘুরিয়ে তাঁকেই যে নিশানা করেছেন মোদী, তা কার্যত স্পষ্ট।

