দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্দরে গত কয়েকদিন ধরে যেন একের পর এক দুঃসংবাদ। পরিচালক অনীক দত্তের অকালপ্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা বিনোদন জগৎ। তার মধ্যেই সামনে এল আরও এক উদ্বেগজনক খবর। ছোটপর্দার পরিচিত মুখ, 'পরিণীতা' খ্যাত অভিনেত্রী মৌলি দত্ত সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেন বলে মিলছে খবর।
তবে সৌভাগ্যবশত, সময়মতো বন্ধুদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং বাড়িতে ফিরেছেন।
ঘটনার নেপথ্যে কোনও প্রেমঘটিত সমস্যা ছিল না বলেই খবর। বরং দীর্ঘদিনের কাজের অনিশ্চয়তা, পেশাগত হতাশা এবং ক্রমশ বেড়ে চলা মানসিক চাপ তাঁকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার মধ্যেই এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সামান্য মনোমালিন্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেদিন মৌলির মনে হয়েছিল তাঁর কথা শোনার বা তাঁর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা, একাকীত্ব এবং মানসিক অবসাদ একসঙ্গে তাঁকে আচ্ছন্ন করে ফেলে। সেই অবস্থাতেই তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। চিকিৎসকের পরামর্শে আগে থেকে থাকা ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলেন তিনি।
তবে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তাঁর কয়েকজন বন্ধু বিষয়টি টের পান। দ্রুত অভিনেত্রীর ফ্ল্যাটে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। চিকিৎসকদের তৎপরতায় শারীরিক অবস্থার অবনতি রোধ করা সম্ভব হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার পর তিনি বিপদমুক্ত হন।
হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মৌলি বাড়ি ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
এই ঘটনা ফের একবার বিনোদন জগতের শিল্পীদের মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল। পর্দার আড়ালে পেশাগত অনিশ্চয়তা, কাজের চাপ, প্রত্যাশার বোঝা এবং ব্যক্তিগত লড়াই অনেক সময় শিল্পীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। মৌলির ঘটনাও সেই কঠিন বাস্তবতারই একটি প্রতিফলন।
সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা এখন একটাই প্রার্থনা করছেন—এই কঠিন সময় কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী এবং নতুন উদ্যমে ফিরে আসুন নিজের পরিচিত জগতে।

