Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কানাডার ক্যাফেতে গুলির দায় নিল বিষ্ণোই গ্যাং, 'আর সময় নেই!' কপিলের মুম্বইয়ের বাড়িতে হামলার হুমকি

কানাডার ক্যাফেতে গুলির দায় নিল বিষ্ণোই গ্যাং, 'আর সময় নেই!' কপিলের মুম্বইয়ের বাড়িতে হামলার হুমকি

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: কানাডার সারেতে এক ক্যাফেতে গুলির (Canada Cafe Firing) ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে জোর জল্পনা চলছিল। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang)। নিজেদের নাম উল্লেখ করে গ্যাং-এর দুই সদস্য দাবি করেছে, ওই গুলির ঘটনাটি ছিল পরিকল্পিত হুমকি।

ক্যাফেতে গুলি করেই অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মাকে (Kapil Sharma) হুমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে সারের 'চায় সুট্টা বার' ক্যাফেতে। গ্যাং-এর দাবি, এই ক্যাফেটি নাকি কপিল শর্মার 'ক্যাপস ক্যাফে'-র (Kaps Cafe) ঠিক পাশেই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় 'টাইসন বিষ্ণোই' এবং 'জোরা সান্ধু' নামে নিজেদের পরিচয় দিয়ে দু'জন লিখেছে, গভীর রাতে তাদের লোকজন গিয়ে ক্যাফের বাইরে গুলি চালায়। তাদের কথায়, এটি কোনও হুট করে ঘটানো ঘটনা নয়, বরং 'স্পষ্ট বার্তা'।

সেই বার্তা কী? পোস্টে বলা হয়েছে, তাঁদের 'দাবি' মানা না হলে শুধু 'চায় সুট্টা বার' নয়, কপিল শর্মার ব্যবসাও বন্ধ করে দেওয়া হবে। এমনকি প্রয়োজন হলে কপিল শর্মার মুম্বইয়ের বাড়িও নিশানা হতে পারে, এই ধারাল হুমকিও দেওয়া হয়েছে। এতদিন তারা নাকি কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠিয়েছিল, কিন্তু সময় নষ্ট ছাড়া কোনও লাভ হয়নি। তাই এবার সরাসরি শেষ সতর্কবার্তা দেওয়া হল বলে দাবি তাদের।

পোস্টে আরও বলা হয়েছে, ভবিষ্যতে তারা আর কারও সুপারিশ বা অনুরোধ শুনবে না। কপিল শর্মাকে উদ্দেশ করে লেখা হয়েছে, 'পড়শিদের কাছ থেকে শিক্ষা নাও', যার ইঙ্গিত নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

তবে এখনও পর্যন্ত গ্যাংয়ের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় পুলিশ জানিয়ে দিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি খতিয়ে দেখা হচ্ছে।

ভারত ও কানাডা- দুই দেশেই কপিল শর্মার ভক্তরা উদ্বেগে। কানাডা পুলিশ নজরদারি জোরদার করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, ভারতীয় গ্যাংস্টার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত প্রভাব বিস্তার করছে এবং আন্তর্জাতিক পরিসরে কীভাবে গ্যাং-সংক্রান্ত হুমকি বাড়ছে। তদন্ত এগোচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চাপা উত্তেজনা এখনও কাটেনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall