দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের চাকরির প্রস্তুতি নিচ্ছেন? চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS-এর রিজিওনাল রুরাল ব্যাঙ্ক (RRB) নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৩,৭০৬টি শূন্যপদে আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা IBPS-এর সরকারি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
IBPS RRB-র বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রথমে সরকারি ওয়েবসাইট ibps.in-এ গিয়ে RRB রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করার পর নির্দিষ্ট নথি আপলোড করতে হবে। আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যোগ্যতার ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল-I পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। অফিসার স্কেল-II বা জেনারেল ব্যাঙ্কিং অফিসার পদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক ডিগ্রি এবং ব্যাঙ্কে অফিসার হিসেবে দু'বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। অন্য দিকে, অফিসার স্কেল-III পদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাও পদ অনুযায়ী আলাদা। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ বয়স ২৮ বছর। অফিসার স্কেল-I-এর ক্ষেত্রে ৩০ বছর, স্কেল-II-তে ৩২ বছর এবং স্কেল-III-তে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।
বেতনের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন প্রায় ৩৫ হাজার থেকে ৩৭ হাজার টাকা। অফিসার স্কেল-I পদে ৭৫ হাজার থেকে ৭৭ হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে। স্কেল-II-তে প্রায় ৬৫ হাজার থেকে ৬৭ হাজার এবং স্কেল-III পদে মাসে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যেতে পারে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, পরীক্ষার সূচি এবং অন্যান্য নির্দেশিকা জানতে প্রার্থীদের IBPS-এর সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষার সময়সূচি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হতে পারে বলে জানা যাচ্ছে।

