Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্যামাক স্ট্রিটকাণ্ডে নোটিস মেনে হাজিরা অভিষেকের, বৃষ্টি মাথায় পৌঁছলেন শেক্সপিয়ার সরণী থানায়

ক্যামাক স্ট্রিটকাণ্ডে নোটিস মেনে হাজিরা অভিষেকের, বৃষ্টি মাথায় পৌঁছলেন শেক্সপিয়ার সরণী থানায়

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: ক্যামাক স্ট্রিটকাণ্ডে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে নোটিস দিয়ে এসেছিল পুলিশ (Police Notice to Abhishek Banerjee)। তাতে সাড়া দিয়ে মঙ্গলবার বেলা ১২টার কিছু পরে শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ। সরকারি কাজে কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কলকাতা পুলিশ

মঙ্গলবার দুপুর ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। এদিন ১২.১৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের উপরে থাকা বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। বিলবোর্ড খুলতে সেখানে যায় পুলিশ ও পুরসভার আধিকারিকরা। অভিযোগ, তাঁদের কাজে বাধা দেওয়া হয়। অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পুলিশ ও পুরকর্মীদের মারধর এবং এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

এই ঘটনার পর শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের হয়। একই উদ্দেশ্যে অপরাধ সংগঠিত করতে জমায়েত, সরকারি কর্মীর কাজে বাধা এবং শ্লীলতাহানির মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, সুমিত রায়, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের নাম রয়েছে।

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে বুধবার শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার দুপুর ১২টায় শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছিল ডেরেক ও'ব্রায়েনকে। কিন্তু নির্ধারিত সময়ে তিনি থানায় যাননি। আইনজীবীর মাধ্যমে ইমেল করে তিনি হাজিরা দিতে পারবেন না বলে পুলিশকে জানান। রাজ্যসভার তৃণমূল সাংসদকে আগামী বৃহস্পতিবার হাজিরা দিতে বলে দ্বিতীয় নোটিস পাঠায় পুলিশ।

এছাড়াও, সোমবার রাতে কালীঘাট তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের বাড়ি গিয়ে নোটিস দিয়ে এসেছে পুলিশ। এখন এই মামলার জল কতদূর গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall