Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মমতা জমানার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের তোরজোড়! বৃহস্পতিবার নবান্নে 'মন্ত্রী গোষ্ঠী'র বিশেষ বৈঠক

মমতা জমানার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের তোরজোড়! বৃহস্পতিবার নবান্নে 'মন্ত্রী গোষ্ঠী'র বিশেষ বৈঠক

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস (TMC) ক্ষমতায় থাকাকালীন তাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে বহুবার সরব হয়েছিল বিজেপি (BJP)। সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনের প্রথম পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানিয়েছিলেন, পূর্বতন সরকারের সব ধরনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়েছিলেন, গত ১৫ বছর ধরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনকালে কী কী আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা খুঁজে বের করে শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক হতে চলেছে নবান্নে।

চলতি মাসেই ক্যাবিনেট বৈঠকে একটি শক্তিশালী 'মন্ত্রিগোষ্ঠী' বা মন্ত্রিসভার সাব-কমিটি গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই বিশেষ মন্ত্রিগোষ্ঠীর শীর্ষে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সদস্য হিসেবে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, দিলীপ ঘোষও। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের মনমোহন সিং জমানার 'গ্রুপ অফ মিনিস্টার্স' (GoM)-এর ধাঁচেই তৈরি হয়েছে এই কমিটি।

আগামী কাল সকাল ১১টায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর চেম্বারে এই বৈঠকে শ্বেতপত্র তৈরির রূপরেখা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং বিভিন্ন দফতর থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা হতে পারে। নবান্ন সূত্রে খবর, মন্ত্রী গোষ্ঠীর এই বৈঠকের পর একটি রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দফতরে। এরপর সেখান থেকে অনুমোদন পাওয়ার পরই শ্বেতপত্র প্রকাশ করা হবে।

সরকারের লক্ষ্য, পূর্ববর্তী সরকারের আমলে প্রশাসনিক অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নীতিগত সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে তথ্যভিত্তিক একটি শ্বেতপত্র প্রকাশ করা। সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবেই আগামিকালের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজনীতিতে 'শ্বেতপত্র' বা White Paper আসলে কী?

রাজনৈতিক পরিভাষায় শ্বেতপত্র (White Paper) হলো একটি সরকারি প্রামাণ্য দলিল, যার মাধ্যমে কোনও নির্দিষ্ট বিষয়ে (যেমন রাজ্যের আর্থিক অবস্থা বা কোনও দপ্তরের কাজ) প্রকৃত তথ্য, ডেটা এবং পরিসংখ্যান জনগণের সামনে আনা হয়।

তাত্ত্বিকভাবে এটি স্বচ্ছতা বজায় রাখার জন্য করা হলেও, ভারতীয় রাজনীতিতে নতুন সরকার আসার পর পূর্বতন সরকারের আর্থিক অব্যবস্থা বা ব্যর্থতাকে জনসমক্ষে তুলে ধরে ব্যাকফুটে ঠেলে দিতে একে অত্যন্ত কৌশলগত রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।

মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসার পরই দুর্নীতির দমনে জিরো টলারেন্স নীতির কথা বারবার মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কয়েক সপ্তাহ আগেই বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন, 'হরিশ চ্যাটার্জি রোড, হরিশ মুখার্জি রোড-সহ আমতলার যে সমস্ত বিশাল বিশাল রাজপ্রাসাদ গড়ে উঠেছে, আইন মেনে সেগুলিকে অধিগ্রহণ করে কলকাতার বিভিন্ন উড়ালপুলের (Flyover) নীচে কিংবা ফুটপাথে অত্যন্ত কষ্টে দিন কাটানো মানুষদের স্থায়ী থাকার বন্দোবস্ত এই সরকার করবে।'

ক'দিন আগেই রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা দেওয়ার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, মমতা জমানার আর্থিক অনিয়ম নিয়ে একটি শ্বেতপত্র আনা হবে। প্রশাসনিক দুর্নীতি থেকে শুরু করে নারী নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার রূপ- সবকিছুকেই এই শ্বেতপত্রের আওতায় এনে পূর্বতন সরকারের বিরুদ্ধে বড়সড় আইনি ও রাজনৈতিক চাপ তৈরি করতে চলেছে শুভেন্দু অধিকারীর নতুন 'মন্ত্রী গোষ্ঠী'।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall