Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'মানুষ আরও এক রামকে দেখতে চায় না', রণবীরকে নিয়ে অকপট অরুণ

'মানুষ আরও এক রামকে দেখতে চায় না', রণবীরকে নিয়ে অকপট অরুণ

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: নীতেশ তিওয়ারির বহুচর্চিত 'রামায়ণ' ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। এই ছবিতে ভগবান রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে রাম চরিত্রে নতুন অভিনেতাকে ঘিরে যতই আলোচনা হোক না কেন, ভারতীয় দর্শকের কাছে রামের মুখ বলতে এখনও অনেকের মনেই ভেসে ওঠে অরুণ গোভিলের ছবি। রামানন্দ সাগরের কালজয়ী 'রামায়ণ'-এ তাঁর অভিনয় আজও কিংবদন্তির মর্যাদা পায়।

মজার বিষয় হল, নতুন 'রামায়ণ'-এও রয়েছেন অরুণ গোভিল। তবে এবার তিনি রামের নয়, রাজা দশরথের ভূমিকায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরের রাম চরিত্রায়ন নিয়ে প্রশ্ন করা হলে অরুণ অত্যন্ত সংযতভাবেই নিজের মতামত জানান।

তাঁর কথায়, রণবীর একজন দক্ষ ও প্রতিভাবান অভিনেতা। তবে রাম হিসেবে তাঁর অভিনয় নিয়ে আগাম কোনও মন্তব্য করতে চান না তিনি। অরুণের মতে, প্রত্যেক শিল্পীর চরিত্রকে তুলে ধরার নিজস্ব একটি পদ্ধতি থাকে। সেই জায়গা থেকে রণবীরও নিশ্চয়ই নিজের মতো করে রামকে পর্দায় জীবন্ত করে তুলেছেন।

রণবীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলিং হয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। এর উত্তরে অরুণ বলেন, তাঁর অভিনীত রাম চরিত্রটি এতটাই মানুষের মনে গেঁথে গিয়েছে যে দর্শক এখনও সেই স্মৃতির সঙ্গেই রামকে দেখতে অভ্যস্ত। তাঁর মতে, বহু দশক পরেও দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুষ্ঠান কিংবা মেলায় রামের ছবি হিসেবে এখনও তাঁর মুখই ব্যবহার করা হয়। সেই কারণেই নতুন কাউকে রাম হিসেবে মেনে নিতে দর্শকদের সময় লাগতে পারে।

তবে নতুন ছবির অংশ হতে রাজি হওয়ার আগে যে তিনি দ্বিধায় ছিলেন, সেটাও অকপটে স্বীকার করেছেন অরুণ। প্রথমদিকে দশরথের চরিত্রে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করতে চাননি তিনি। পরে পরিচালক নীতেশ তিওয়ারির সঙ্গে দীর্ঘ আলোচনার পর মত বদলান। পরিচালকের ভাবনা ছিল পুরনো ও নতুন 'রামায়ণ'-এর মধ্যে একটি আবেগঘন সেতুবন্ধন তৈরি করা, আর সেই কারণেই অরুণকে এই গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হয়।

অন্যদিকে, রণবীর কাপুরও জানিয়েছেন যে রামের মতো এক মহাকাব্যিক চরিত্রে অভিনয় করা তাঁর কাছে শুধু অভিনয়ের চ্যালেঞ্জ নয়, এক গভীর আত্মিক যাত্রাও। তাঁর মতে, কোনও চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে গেলে শুধু শারীরিক প্রস্তুতি যথেষ্ট নয়; সেই চরিত্রের ভাবনা, আবেগ এবং আধ্যাত্মিক দিকগুলিকেও আত্মস্থ করতে হয়।

নমিত মালহোত্রা প্রযোজিত এই মেগা-বাজেট ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরের পাশাপাশি সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে, হনুমান হয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। সব ঠিক থাকলে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'রামায়ণ', যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall