দ্য ওয়াল ব্যুরো: 'সেবাশ্রয়' (Sebashraay) নিয়ে আরও এক এফআইআর। কোটি কোটি টাকা তছরুপ এবং সরকারি ওষুধের অপব্যবহারের অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের হয়েছে।
তারই মধ্যে ফের নতুন অভিযোগ দায়ের হওয়ায় বিতর্ক আরও বাড়ল।
অভিযোগে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি দাবি করেছেন, 'সেবাশ্রয়' প্রকল্পে ব্যবহৃত ওষুধ কেনা ও বণ্টন নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। এই ঘটনায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর ব্যক্তিগত সহকারী (PA) সুমিত এবং জাহাঙ্গিরের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন জেলা শাসক (DM) এবং স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি নেতার দাবি, গত ১০ জুন দক্ষিণ ২৪ পরগনার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনার খবর পেয়ে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ সেখানে গিয়ে ওষুধের নমুনা সংগ্রহ করলেও, এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি বলে অভিযোগ।
অভিজিৎ দাস ববির আরও দাবি, উদ্ধার হওয়া ওই ওষুধ 'সেবাশ্রয়' প্রকল্পের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, এই প্রকল্পে ওষুধ কেনা ও সরবরাহের নামে কোটি কোটি টাকার তছরুপ হয়েছে। সেই অভিযোগেরই নিরপেক্ষ তদন্ত দাবি করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
বিজেপির অভিযোগ, বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়নি। তাই দ্রুত এফআইআর দায়ের করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, 'সেবাশ্রয়' প্রকল্পকে কেন্দ্র করে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। তার মধ্যেই ফের নতুন অভিযোগ দায়ের হওয়ায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহলের।
দাবি করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীরা গভীর অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন সময়ে অনুমতি ছাড়া এই স্বাস্থ্য শিবিরগুলি চালিয়েছেন। সেখানে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে অবৈধ উপায়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হত। অনুমোদনহীন ওষুধ ও রোগনির্ণয়ের নানাবিধ যন্ত্রপাতি ব্যবহারের ফলে জনস্বাস্থ্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনের দাবি, ডায়মন্ড হারবারের ওই সেবাশ্রয়ের কোনও সরকারি অনুমোদন বা লাইসেন্স ছিল না। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। নবান্ন থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

