দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের গ্যালারি মানেই টিম জার্সি, ক্যাজুয়াল টি-শার্ট আর স্নিকার্স। কিন্তু অনুষ্কা শর্মা (Anushka Sharma) মানেই ব্যতিক্রম! আর সেটা গতরাতের ড্রেসকোডেও নজরে এল। আরসিবি বনাম লখনউয়ের ম্যাচে গ্যালারিতে তিনি এমন একটা পোশাক পরে এলেন, যা ফ্যাশন দুনিয়া থেকে ক্রিকেটবিশ্ব—সর্বত্র আলোচনার ঢেউ তুলল ( Anushka Sharma Ipl 2026 Fashion )।
গতরাতে ফ্রেঞ্চ ব্র্যান্ড স্যান্দ্রো প্যারিসের (Sandro Paris) দুটো পিস বেছে নেন বলিউড অভিনেত্রী। উপরে 'রাফল স্ট্রাইপড শার্ট'—হালকা নীল ও মেরিন রঙের সরু ডোরাকাটা, স্লিভলেস কাট, গলার কাছে স্ট্রাকচার্ড কলার আর সামনে রাফলের কাজ। শার্টের সঙ্গে সাযুজ্য মিলিয়ে নিচে সাদা ম্যাক্সি পপলিন স্কার্ট। হালকা কাপড়, ফ্লুইড সিলুয়েট, দুই পাশে টাই-আপ ডিটেলিং (Anushka Sharma Ipl 2026 Fashion)।
এই আউটফিটের দাম কম নয়। শার্টটির মূল্য প্রায় ৩৫০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে সাদা ম্যাক্সি স্কার্ট ৪২৫ ডলারের, অর্থাৎ প্রায় ৩৫ হাজার টাকার মতো। সব মিলিয়ে খরচ প্রায় ৬৪ হাজার টাকার আশেপাশে।
দাম চড়া হলেও দুটো পিস মিলিয়ে যে 'লুক' তৈরি হয়, সেখানে কাঠিন্য ও কোমলতা একসঙ্গে—নীলের স্ট্রাকচার আর সাদার নরম ভার। নিঃসন্দেহে অভিজাত। কিন্তু তার প্রকাশ দর্পিত, চোখধাঁধানো নয়। আর এই সূক্ষ্ম ভারসাম্যটুকুই অনুষ্কার পোশাককে 'স্পেশাল' করে তুলেছে।
গনগনে গরমে ফুটতে থাকা স্টেডিয়ামে এই পোশাক পরা মানে শুধু স্টাইল নয়—বুদ্ধিমত্তার পরিচয়। পাশাপাশি চুল নরম। মেকআপ 'ডিউয়ি'—সতেজ ও হালকা। স্টেডিয়ামের গরমে এই সিদ্ধান্তও নির্ভুল।
অনুষ্কার সাজের মুন্সিয়ানা অলংকার বাছাইয়েও প্রমাণিত। সোনার হালকা গয়না, হাতে একটা ক্লাসিক রিস্টওয়াচ—এটুকুই। পোশাকের সঙ্গে লড়াই করেনি, বরং পরিপূরক হয়ে উঠেছে!
এমনিতে রেড কার্পেট আর প্যারাজ্জি ফটোর জন্য সাজা সহজ। কিন্তু একটা ক্রিকেট ম্যাচ, যেখানে পরিবেশটাই ক্যাজুয়াল, সেখানে এতটা 'ইন্টেনশনাল' দেখানো অনেক বেশি কঠিন। অনুষ্কা শর্মার লুক সেটাই করেছে। কোনও বড় বিবৃতি নেই। বাড়তি চেষ্টার ছাপও ধরা পড়েনি। কিন্তু পুরো পোশাকটা বলছিল—প্রতিটা পছন্দ ভেবে করা। আর ঠিক সেই কারণেই স্টেডিয়ামের ছবি রেড কার্পেটের মতো মনে থাকে।

