দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে একটি হত্যাকাণ্ডের ঘটনায় চার ভাই ও তাদের মা'কে গ্রেফতার করেছে সে দেশের গোয়েন্দা বাহিনী। ময়মনসিংহ শহরের ওই হত্যাকাণ্ডের তদন্তের ভার দেওয়া হয়েছিল সেদেশের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে।
নিহতের নাম রাজিব আহম্মেদ রুবেল। তদন্তকারীরা জানিয়েছেন, বছর চল্লিশের ওই ব্যক্তি ময়মনসিংহ শহরের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
তিনি একা থাকলেও প্রায়ই বাড়িতে বন্ধু-বান্ধবদের আড্ডা বসত। দেদার চলত মাদক সেবন। এই কারণে বাড়িওয়ালা তাকে বাড়ি ছেড়ে দিতে বলেছিল। কিন্তু রুবেল নানাভাবে ক্ষমতা ও দাপট দেখিয়ে ঘর ছাড়তে আপত্তি করে।
এ নিয়ে বাড়ির মালিকের সঙ্গে ভাড়াটের প্রায়ই কথা কাটাকাটি, গোলমাল চলছিল। এক পর্যায়ে তাকে এক মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বললে সে বাড়ির মালকিনের উপর চড়াও হয়। দরজা ভেঙে ঢুকে তাঁকে মারধোর এবং শ্লীলতাহানি করে।
পুলিশ জানিয়েছে এই ঘটনার পর অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক ছিল। কিছুদিন পর রাস্তার ধারে তার দেহ মেলে। ওই হত্যাকাণ্ডের তদন্তের ভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন আক্রান্ত মহিলার চার পুত্র এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ তাঁদের আটক করে জেরা করলে তারা স্বীকার করে একটি চাইনিজ ধারালো অস্ত্র দিয়ে তারা ওই যুবককে হত্যা করেছে। জেরার মুখে তারা আরও জানায়, মায়ের শ্লীলতাহানির বদলা নিতেই চার ভাই মিলে পরিকল্পনা করে ওই ব্যক্তিকে হত্যা করে। খুনের ঘটনায় কয়েকজন প্রতিবেশী তাদের সাহায্য করে বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ অভিযুক্তদের মাকেও গ্রেফতার করেছে। যদিও তিনি দাবি করেছেন, হত্যার পরিকল্পনার কিছুই জানতেন না।

