দ্য ওয়াল ব্যুরো: মাঠে না নামা থেকে আইনি জট। যার জেরে আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) বিরুদ্ধে দায়ের হয়েছে কয়েক মিলিয়ন ডলারের মামলা। অভিযোগ, চুক্তি থাকা সত্ত্বেও তিনি নির্ধারিত ম্যাচে খেলেননি। ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে আয়োজক সংস্থা।
মায়ামির একটি সংস্থার দাবি, তারা আর্জেন্তিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের স্বত্ব কেনে।
এই চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত ছিল—মেসিকে নির্দিষ্ট সময় মাঠে নামতেই হবে, যদি না তিনি চোটগ্রস্ত হন। কিন্তু ভেনেজুয়েলার বিরুদ্ধে ওই খেলায় মেসি ময়দানেই নামেননি, বদলে গ্যালারিতে বসে খেলা দেখেন। এখান থেকে বিতর্কের সূত্রপাত।
পরিস্থিতি জটিলতর হয় পরের দিনের ঘটনায়। অভিযোগ, ওই ম্যাচে না খেললেও মেসি পরদিন ক্লাবের হয়ে নামেন এবং ভাল পারফর্মও করেন। যে কারণে আয়োজকদের দাবি—তিনি আদৌ চোটে ছিলেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। আর এই সংশয়ের বিষয়টি মামলার অন্যতম ভিত্তি হিসেবে আদালতে তুলে ধরা হয়েছে।
পরে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মেসি খেললেও ততক্ষণে পরিস্থিতি বদলে যায়। কম টিকিট বিক্রি ও আগ্রহ কমে যাওয়ায় ভেন্যু পরিবর্তন করতে হয়। আয়োজকদের দাবি, পুরো ঘটনাপ্রবাহের কারণে তাঁদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যদিও ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক কত, তা প্রকাশিত হয়নি।
মামলায় শুধু মেসি নন, আর্জেন্তিনা ফুটবল সংস্থাও (AFA) অভিযুক্ত। আয়োজকদের অভিযোগ—চুক্তির শর্ত মানা হয়নি এবং প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। এখনও পর্যন্ত মেসি বা সংশ্লিষ্ট সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

