Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! ইসকনকে দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! ইসকনকে দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুলগুলির মিড-ডে মিলে (Mid-Day Meal) বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই তা নিয়ে দানা বাঁধল আইনি বিতর্ক। বাচ্চাদের পাতে ডিম-মাছের বদলে কেন দেওয়া হবে রাজমা-ডাল? আর কেনই বা রান্নার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের (ISKCON) মতো একটি সংস্থার হাতে?

এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র মামলার প্রস্তুতি ও পর্যালোচনার জন্য কিছুটা সময় চান। সেই আবেদনকে মান্যতা দিয়ে আদালত আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

মামলাকারীর মূল অভিযোগ: পুষ্টি ও কর্মসংস্থানে কোপ?

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলাকারী মূলত দুটি গুরুতর বিষয়কে সামনে এনেছেন। এর মধ্যে প্রথম হল, আমিষ প্রোটিন থেকে শিশুদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা। বাংলার সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিলে দীর্ঘদিন ধরেই ডিম পুষ্টির অন্যতম প্রধান উৎস। মামলাকারীর দাবি, সম্পূর্ণ নিরামিষ খাদ্যতালিকা চালু হলে পড়ুয়ারা প্রয়োজনীয় প্রাণিজ প্রোটিন থেকে বঞ্চিত হবে। এছাড়াও রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রুজি-রুটিতে টানের প্রশ্ন। এতদিন ধরে স্কুলগুলিতে মিড-ডে মিল রান্নার দায়িত্ব সামলাতেন রাজ্যের হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলারা। অন্য একটি সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া হলে এই দরিদ্র মহিলাদের কর্মসংস্থান পুরোপুরি বিপন্ন হবে। এর নেপথ্যে কোনও 'অস্বচ্ছতা' বা 'ষড়যন্ত্র' রয়েছে কি না, তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়।

বাজেটেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী

বিতর্কের সূত্রপাত চলতি বছরের রাজ্য বাজেট (West Bengal Budget 2026) অধিবেশন থেকে। বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, কলকাতা পুরনিগম এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল ব্যবস্থাকে আরও উন্নত, হাইজেনিক এবং পুষ্টিকর করতে ইসকনের সহযোগিতা নেওয়া হবে। এর পাশাপাশি প্রাথমিকে মিড-ডে মিলের বরাদ্দও এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। আগে যেখানে প্রাথমিক স্তরে মাথাপিছু বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা, নতুন বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা। তবে উচ্চ প্রাথমিকে আগের মতোই মাথাপিছু ১০ টাকা ৭১ পয়সাই বহাল রাখা হয়েছে।

গুজরাতের মডেলে বাংলা? দানা বাঁধছে সংশয়

বাজেটে এই প্রকল্প চালুর কথা বলা হলেও, ইসকন ঠিক কীভাবে খাবার সরবরাহ করবে, স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা কী হবে, তা নিয়ে সরকার বিস্তারিত কিছু জানায়নি। আর তাতেই দানা বেঁধেছে রহস্য। শিক্ষামহল এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, গুজরাতের বহু জায়গায় মিড-ডে মিলের দায়িত্বে রয়েছে ইসকন। সেখানে সম্পূর্ণ নিরামিষ মেনু মেনে খাবার দেওয়া হয়। পেঁয়াজ-রসুনহীন সেই নিরামিষ 'গুজরাত মডেল' কি এবার কলকাতার স্কুলগুলিতেও চাপিয়ে দেওয়া হবে? ডিমের বদলে কি শুধুই মিলবে রাজমা আর ডাল?

বাচ্চাদের পাত থেকে ডিম উধাও হওয়া এবং ঘরের মেয়েদের কাজ হারানোর এই জোড়া আশঙ্কায় আপাতত আইনি লড়াইয়ের মুখে নবান্ন। আগামী মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নিয়ে কী নির্দেশ দেয়, এখন সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall