Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'মুখোমুখি' অগ্নিমিত্রা পাল, আজ পুর-সমস্যা সরাসরি জানাতে পারবেন মন্ত্রীকে, এই সুযোগ পাবেন কারা?

'মুখোমুখি' অগ্নিমিত্রা পাল, আজ পুর-সমস্যা সরাসরি জানাতে পারবেন মন্ত্রীকে, এই সুযোগ পাবেন কারা?

THE WALL 3 months ago

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই কলকাতা পুরসভার (KMC) একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাজ করতে না পারার অভিযোগ তুলে দায়িত্ব ছাড়েন খোদ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরই ভেঙে দেওয়া হয় পুরবোর্ড। আর এর জেরেই সাময়িকভাবে ব্যাহত হচ্ছিল নাগরিক পরিষেবা। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসনিক ও নাগরিক পরিষেবার যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।

এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে এক অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশেই নাগরিকদের দরবারে পৌঁছাতে শুরু হচ্ছে এই নতুন কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে 'মুখোমুখি'।

পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য ৭ জুলাই অর্থাৎ আজ থেকে এই পরিষেবা চালু হতে চলেছে।

নাগরিকরা তাঁদের যেকোনও মতামত, পরামর্শ বা অভাব-অভিযোগের কথা সরাসরি মন্ত্রীকে জানাতে পারবেন। এর জন্য একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যা হল 18002035123। নির্দিষ্ট দিনে বিকেল ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই নম্বরে ফোন করলে সরাসরি লাইনে পাওয়া যাবে স্বয়ং মন্ত্রী অগ্নিমিত্রা পালকে।

এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন, যাতে অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এক নজরে 'মুখোমুখি' কর্মসূচি:

এর পাশাপাশি, শহরের আবর্জনা ও অন্যান্য দৈনন্দিন সমস্যা মেটাতে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আরও একটি বিশেষ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে খুব সহজেই প্রশাসনের কাছে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।

শহরের কোথাও জল জমে থাকলে, ডেঙ্গির প্রকোপ বাড়লে, রাস্তাঘাটের বেহাল দশা হলে কিংবা কোথাও কোনও বেআইনি বহুতল বা বাড়ি নির্মাণের কাজ চললে নাগরিকরা এই নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারবেন। এই পরিষেবাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সচল থাকবে। পুরবোর্ড না থাকলেও শহরের পরিষেবা সচল রাখতে এবং মানুষের ক্ষোভ-বিক্ষোভের দ্রুত নিষ্পত্তি করতেই রাজ্য সরকারের এই জোড়া হেল্পলাইন ব্যবস্থা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall