Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুক্তির আগেই বিপাকে 'কালা হিরণ', আইনি নোটিশ পাঠালেন সলমন খান

মুক্তির আগেই বিপাকে 'কালা হিরণ', আইনি নোটিশ পাঠালেন সলমন খান

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে তৈরি হতে চলা বিতর্কিত ছবি 'কালা হিরণ' মুক্তির আগেই বড় আইনি সমস্যার মুখে পড়ল। ছবির টিজার প্রকাশের দিন ঘোষণার পর থেকেই চর্চার কেন্দ্রে ছিল এই প্রকল্প। তবে টিজার প্রকাশের আগেই নির্মাতাদের কাছে পৌঁছে গেল সলমন খানের আইনি নোটিশ, আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিষয়টি।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। পোস্টারে এমন এক ব্যক্তিকে দেখা যায়, যার চেহারা ও উপস্থিতি অনেকটাই বলিউড তারকা সলমন খান (Salman Khan)-এর সঙ্গে মিলে যায় বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। এরপরই জানা যায়, বহু আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনাপ্রবাহকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই তৈরি হচ্ছে 'কালা হিরণ'। পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে কৌতূহল যেমন বেড়েছিল, তেমনই শুরু হয়েছিল বিতর্কও।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী ২০ জুন প্রকাশ করা হবে ছবির টিজার। কিন্তু তার আগেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সলমন খানের আইনজীবীর তরফে ছবির পরিচালক, প্রযোজক এবং সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে ছবির মুক্তি এবং প্রচার কার্যক্রম আপাতত স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা প্রচারমূলক পোস্টার ও অন্যান্য কনটেন্ট সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।

শুধু তাই নয়, নির্মাতাদের লিখিতভাবে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই দাবি পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে ছবির প্রযোজক অমিত জানি বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি দাবি করেছেন, আইনি নোটিশের মাধ্যমে তাঁদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নোটিশের কপি শেয়ার করে তিনি জানান, ভয় দেখিয়ে তাঁকে পিছিয়ে দেওয়া যাবে না এবং তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।

সূত্রের খবর, নোটিশে উল্লেখ করা হয়েছে যে ছবিতে সলমন খানের নাম, পরিচিতি বা তাঁর সঙ্গে যুক্ত কোনও ঘটনা ব্যবহার করার আগে অভিনেতার অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে যে কৃষ্ণসার হরিণ শিকার সংক্রান্ত মামলা এখনও আদালতে বিচারাধীন। এমন পরিস্থিতিতে সেই ঘটনাকে কেন্দ্র করে ছবি নির্মাণ হলে তা অভিনেতার ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে এবং বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করার আশঙ্কা তৈরি হতে পারে।

ফলে মুক্তির আগেই 'কালা হিরণ' এখন আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আগামী দিনে নির্মাতারা এই নোটিশের কী জবাব দেন এবং ছবির ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে বিনোদন জগতের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall