কাজল বসাক, নদিয়া: লক্ষ্মীর ভাণ্ডার (Lokhkhir Bhandar) প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এল নদিয়ার (Nadia News) কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে। সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কিন্তু এখানে উপভোক্তা তালিকায় ১৭৩ জন পুরুষের নাম পাওয়া গেছে বলে অভিযোগ।
বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক মহলে শোরগোল পড়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের (TMC News) পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরেই জেলা প্রশাসন উপভোক্তাদের তথ্য যাচাই করে, এবং তখনই এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে দেখা যায়, কৃষ্ণনগর ২ ব্লকে ১৭৩ জন পুরুষের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থও পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই নামগুলি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত হয় (BJP News)।
ঘটনার পর কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বিডিও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের নাম তালিকা থেকে বাতিল করার জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন। এই ঘটনায় বিডিও অফিসের এক কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, তাঁর মাধ্যমেই ওই নামগুলি তালিকাভুক্ত হয়েছিল। ইতিমধ্যেই ওই কর্মীকে শোকজের নোটিস পাঠানো হয়েছে এবং ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
তবে কীভাবে এই অনিয়ম ঘটল বা এর পিছনে অন্য কেউ জড়িত কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। বিরোধীরা এই ঘটনাকে দুর্নীতির উদাহরণ হিসেবে তুলে ধরছে। লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প। সেই প্রকল্পে পুরুষদের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা প্রশাসনিক নজরদারি ও তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন প্রশাসনের তদন্তে কী তথ্য সামনে আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর এলাকাবাসীর।

