দ্য ওয়াল ব্যুরো: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে ছ'দিন। কিন্তু ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছে অসংখ্য প্রশ্ন, আর হাজার হাজার পরিবার অপেক্ষা করছে প্রিয়জনের। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সে দেশে মৃত্যু হয়েছে অন্তত ৯৮৭ জনের।
নিখোঁজের সংখ্যা ৪ হাজারেরও বেশি।
তিব্বতের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। চিনের সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন এখনও নিখোঁজ। সব মিলিয়ে নেপাল ও তিব্বতজুড়ে এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১,০০৩। নিখোঁজ প্রায় ৪,৪৭১ জন।
নেপালের নিখোঁজদের তালিকায় রয়েছেন ৫৯২ জন বিদেশি নাগরিক। ভয়াবহ এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকাগুলি। সোমবার পর্যন্ত বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ৬৩৯ জন কর্মী নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন। এর আগে সেই সংখ্যা ৯৩৩ বলে অনুমান করা হয়েছিল।
নেপালি নাগরিকদের মধ্যে এখনও ৩,৩৩৩ জনের কোনও খোঁজ নেই। সবচেয়ে খারাপ পরিস্থিতি নুয়াকোট জেলায়, যেখানে ১,১৫৮ জন নিখোঁজ। পাশের রাসুওয়া জেলায় খোঁজ নেই আরও ৮৬৫ জনের। নিখোঁজদের তালিকায় রয়েছেন ৪৫ জন নেপাল সেনার সদস্য, ৩৮ জন পুলিশকর্মী এবং ১৮ জন শুল্ক ও অভিবাসন দফতরের আধিকারিকও।
এই বিপর্যয়ের প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতেও। উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছে, নেপাল থেকে নেমে আসা নদীগুলি থেকে ১৭টি দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁরা নেপালের বন্যার শিকার। পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ওই ১৭ জনকে অবশ্য এখনও সরকারি মৃত্যুর পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে নেপালের প্রধানমন্ত্রী বলেন, 'ভোটে কোশী নদীর এই বিপর্যয় কোনও সাধারণ বন্যা নয়। হিমালয় অঞ্চলে বরফ ও তুষারধসের জেরে এই বিপুল জলরাশি নেমে আসে।' জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে বিপদের আশঙ্কা বাড়ছে বলেও সতর্ক করেছেন তিনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিন-নেপাল সীমান্তের কাছে হিমবাহ ধস থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত। যদিও ধসের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিজ্ঞানীদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নের জেরে দ্রুত গলছে হিমবাহ, বাড়ছে এই ধরনের বিপর্যয়ের ঝুঁকি। প্রায় ৩ কোটি মানুষের দেশ নেপাল গ্রিনহাউস গ্যাস নির্গমনে তুলনামূলকভাবে কম ভূমিকা রাখলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সামনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির অন্যতম হয়ে উঠছে।

