Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিজে থেকে ফিরে গেলে কোনও আইনি পদক্ষেপ নয়! বাংলায় অনুপ্রবেশকারীদের নিয়ে বার্তা অমিত শাহের

নিজে থেকে ফিরে গেলে কোনও আইনি পদক্ষেপ নয়! বাংলায় অনুপ্রবেশকারীদের নিয়ে বার্তা অমিত শাহের

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর সীমান্ত পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সম্প্রতি গুজরাট সফরে গিয়ে তিনি বলেন, আগে যেখানে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী (Illegal Immigrants) ভারতে ঢুকত, এখন পরিস্থিতি উল্টো হয়েছে।

তাঁর দাবি, বর্তমানে প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ ফিরে যেতে শুরু করেছেন।

তিন দিনের গুজরাট সফরে গিয়ে এক জনসভায় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। তাঁর কথায়, 'আগে বাংলায় প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার অনুপ্রবেশকারী ঢুকত। এখন প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ ফিরে যাচ্ছে।' এই প্রসঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা যদি স্বেচ্ছায় ফিরে যান, তা হলে তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে স্পষ্ট করে দেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশে ফেরানো কেন্দ্রের অন্যতম প্রধান লক্ষ্য।

অমিত শাহ আরও জানান, জনবিন্যাসের পরিবর্তন নিয়ে কেন্দ্র ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। তাঁর দাবি, অবৈধ অনুপ্রবেশ দেশের নিরাপত্তা, সামাজিক ভারসাম্য এবং প্রশাসনিক কাঠামোর উপর বড় প্রভাব ফেলছে। সেই কারণেই বিষয়টি নিয়ে কেন্দ্র কড়া অবস্থান নিয়েছে।

বাংলার নতুন সরকারের ভূয়সী প্রশংসাও শোনা যায় শাহের গলায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার গঠনের সাত দিনের মধ্যেই ৬০০ হেক্টর জমি বিএসএফের হাতে তুলে দিয়েছে।

শুধু তাই নয়, তথাকথিত 'চিকেনস নেক করিডর'-এর জন্যও ১২১ হেক্টর জমি কেন্দ্রকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শাহ বলেন, আগের সরকারের আমলে সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। বরং প্রতিদিন অনুপ্রবেশ চলত। এখন সেই পরিস্থিতি বদলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ডিটেনশন সেন্টারও তৈরি করেছে। তাঁর আশা, সরকারিভাবে চিহ্নিতকরণ অভিযান শুরু হওয়ার আগেই বহু অনুপ্রবেশকারী স্বেচ্ছায় ফিরে যাবেন।

এ দিন সীমান্তে কাঁটাতারের বেড়া এবং অনুপ্রবেশ রোধে পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও জোর দেন অমিত শাহ। তাঁর বক্তব্য, সীমান্ত সুরক্ষা এখন কেন্দ্রের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

রাজনৈতিক বার্তাও দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির প্রভাব গঙ্গার উৎস গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে দাবি করেন শাহ। তাঁর কথায়, 'মোদীজির নেতৃত্বে গেরুয়া পতাকা এখন গোটা গঙ্গাপথ জুড়ে উড়ছে।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall